চাঁদপুর, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরে একটি যাত্রীবাহী লঞ্চ থেকে ৭০ মণ ইলিশ মাছ আটক করেছে উপকূল রক্ষী বাহিনী (কোস্টগার্ড)।
শনিবার রাত দেড়টার দিকে ভোলা থেকে ঢাকাগামী একটি লঞ্চে তল্লাশি চালিয়ে এ মাছ পাওয়া যায়।
কোস্টগার্ড কর্মকর্তা ক্যাপ্টেন খাজা মাসুম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মেঘনার মোহনা অতিক্রমের সময় 'শরীয়তপুর-৩' লঞ্চটিতে তল্লাশি চালিয়ে ১৫টি ঝুড়ি ইলিশ মাছ উদ্ধার করা হয়। উদ্ধার ৭০ মণ ইলিশের বাজারমূল্য ৮ লাখ ৪০ হাজার টাকা।"
মা ইলিশকে ডিম পাড়ার সুযোগ করে দিতে ১৫ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত উপকূলীয় এলাকার ৭ হাজার কিলোমিটার এলাকায় ইলিশ ধরা নিষিদ্ধ করেছিল সরকার।
শিকার নিষিদ্ধ সময়ে মাছগুলো ধরা হয় বলে কোস্টগার্ড কর্মকর্তারা জানান।
আটক ইলিশ চাঁদপুর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে কাউকে গ্রেপ্তার করা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১১৩০ ঘ.
bdnews24