নিউ ইয়র্ক থেকে
শিহাবউদ্দিন কিসলু
নিউ ইয়র্ক, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বছরে ন্যূনতম এক লাখ ডলার রেমিটেন্স পাঠানো ২৯ জন প্রবাসী বাংলাদেশি ও তাদের পারিবারিক সূত্রে আরও ১১ জনকে শুক্রবার নিউ ইয়র্কে বিশেষ সুবিধা কার্ড (স্পেশাল প্রিভিলেজ কার্ড) বরাদ্দ দেওয়া হয়েছে।
প্রবাসী বাংলাদেশিদের মধ্যে প্রথমবারের মতো এই কার্ড পাওয়া ৪০ জন দেশে বিমানবন্দরে বিশেষ ইমিগ্রেশন সুবিধাসহ ছেলেমেয়েদের সরকারি স্কুলে ভর্তি, হাসপাতালে চিকিৎসা ও নিরাপত্তায় পুলিশি সহায়তাসহ বিভিন্ন ধরনের সুবিধা পাবেন।
শুক্রবার সন্ধ্যায় নিউ ইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে এক বিশেষ অনুষ্ঠানে সরকার মনোনীত ৪০ জনকে এই কার্ড বরাদ্দ দেওয়ার ঘোষণা দেন নিউ ইয়র্কে বাংলাদেশের ভাইস কনসাল দেওয়ান আশরাফ।
এদের মধ্যে ১১ জন অনুষ্ঠানে উপস্থিত থেকে তাদের কার্ড নেন।
এরা হলেন- মনোয়ারা বেগম, তৈয়বুর রহমান, মোশাররফ হোসেন, রনি মানিক, জয়নাল আবেদীন, আব্দুস সোবাহান, শহিদুল আলম, জাহাঙ্গীর আলম, শেখ এইচ আলী, মোরশেদ আলম ও শওকত হোসেন।
অনুষ্ঠানে কনসাল জেনারেল এম শামছুল হক তাদের কার্ড হস্তান্তর করেন।
কার্ডপাওয়া প্রবাসীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, "প্রবাসীরা যে হারে রেমিটেন্স পাঠাচ্ছেন তা অব্যাহত থাকলে আগামী ২০১৫ সালে এ রেমিটেন্সের পরিমাণ ৩০ বিলিয়ন (৩ হাজার কোটি) মার্কিন ডলারে পৌঁছাবে এবং ২০২০ সালেই বাংলাদেশ একটি মধ্য আয়ের দেশে পরিণত হবে।"
সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে রেমিটেন্স পাঠালে তা সরকারি নীতি-নির্ধারণে ইতিবাচক ভূমিকা রাখবে বলেও তিনি মন্তব্য করেন।
সরকারিভাবে রেমিটেন্স পাঠানোর প্রতিষ্ঠান সোনালী এক্সচেঞ্জের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আতাউর রহমান অনুষ্ঠানে জানান, শুধু গত সেপ্টেম্বর মাসেই বাংলাদেশে পাঠানো রেমিটেন্সের পরিমাণ ছয় হাজার কোটি টাকা এবং গত অর্থবছরে এর পরিমাণ ছিল ৭০ হাজার কোটি টাকা।
কার্ডপাওয়া তৈয়বুর রহমান, মোশাররফ হোসেন ও জয়নাল আবেদীন তাদের অনুভূতি জানিয়ে সরকারের এই সিদ্ধান্তের প্রশংসা করেন।
এ ধরনের সিদ্ধান্ত ও প্রবাসীদের দেওয়া সম্মান দেশের অর্থনীতির ভিতকে আরও শক্তিশালী করবে বলে মন্তব্য করেন তারা।
সরকার ঘোষিত নীতিমালা অনুযায়ী, বছরে যারা এক লাখ ডলার রেমিটেন্স পাঠান তাদের এই কার্ড দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
কনসাল জেনারেল শামছুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বছরে ন্যূনতম পাঁচ হাজার ডলারসহ বিভিন্ন পরিমাণে রেমিটেন্স প্রদানকারীদের জন্য বিভিন্ন ক্যাটগরির বিশেষ সুবিধা কার্ড দেওয়ার সিদ্ধান্ত রয়েছে।
অনুষ্ঠানে রেমিটেন্স পাঠানো বেসরকারি প্রতিষ্ঠান প্লাসিড এর সত্ত্বাধিকারী কামাল আহমেদ এবং রূপালী এক্সচেঞ্জ ও জনতা এক্সচেঞ্জের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউকে/কিউএইচ/এজে/এসএইচ/২০০০ ঘ.
bdnews24