ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইংরেজি দৈনিক নিউ এইজ এর সাংবাদিক এফএম মাসুমকে নির্যাতনের বিষয়টিকে 'অনভিপ্রেত' উল্লেখ করে শুক্রবার সেজন্য দুঃখ প্রকাশ করেছে র্যাব।
ওদিকে, মাসুমকে নির্যাতনের ঘটনায় নিন্দা জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
এছাড়া, এ হামলার ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করে দোষী র্যাব সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে নিউ এইজ পত্রিকার সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরা।
বৃহস্পতিবার র্যাব-১০ এর সদস্যরা মাসুমকে মারধর করে ধলপুরের কার্যালয়ে নিয়ে প্রায় ১২ঘণ্টা আটকে রাখে। তাকে মাদক ব্যবসায়ী হিসেবে চিহ্নিত করার চেষ্টাও করে র্যাব।
দুঃখ প্রকাশ করে পাঠানো র্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, "বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে র্যাব-১০ এর একটি দল যাত্রাবাড়ী এলাকায় একটি মাদকবিরোধী অভিযানে গেলে র্যাব সদস্য ও সাংবাদিক মাসুমের মধ্যে একটি অনভিপ্রেত ঘটনা ঘটে। সেজন্য র্যাবের পক্ষ থেকে আন্তরিক দুঃখ প্রকাশ করা হচ্ছে।"
ঘটনাটিকে র্যাব সদরদপ্তর বিশেষ গুরুত্ব দিয়ে দেখছে জানিয়ে এতে আরও বলা হয়, ঘটনা তদন্তে র্যাব সদরদপ্তর থেকে একটি তদন্ত দল গঠন করা হয়েছে ও তদন্ত চলছে। এতে র্যাবের কোনও সদস্য দোষী প্রমাণিত হলে তার বা তাদের বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
শুক্রবার সকালে নিউ এইজ পত্রিকার সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীদের যৌথসভায় জানানো হয়, ফ্লাইট লেফটেন্যান্ট আনিসের নেতৃত্বে র্যাব সদস্যরা সাংবাদিক মাসুমের হাত-পা বেঁধে রড ও চাপাতির উল্টো পিঠ দিয়ে আধাঘণ্টা ধরে পেটায়। এরপর তার বিছানায় ছয় বোতল ফেন্সিডিল রেখে তা উদ্ধার করা হয়েছে বলে দেখানো হয়। সেখান থেকে তাকে ধলপুরে র্যাব-১০ এর কার্যালয়ে নিয়ে রাত ১০টা পর্যন্ত আটকে রাখে। এখন মাসুম গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।
পত্রিকাটির প্রধান প্রতিবেদক শহীদুজ্জামানের সভাপতিত্বে এ যৌথসভা হয়।
বিরোধী দলীয় নেতার নিন্দা:
শুক্রবার সন্ধ্যায় পাঠানো এক বিবৃতিতে বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেন, "একজন সাংবাদিকের ওপর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ নির্যাতন বাকশালী স্বৈরশাসনের কথাই স্মরণ করিয়ে দেয়। দেশের পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে সাংবাদিকরাও নির্যাতনের শিকার হচ্ছেন।"
বিবৃতিতে তিনি এ ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদও জানান।
বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনও এক বিবৃতিতে মাসুমকে র্যাবের নির্যাতনের ঘটনায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।
বিবৃতিতে নির্যাতনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসএইচ/২১৫২ ঘ.
bdnews24