ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের কার্যনির্বাহী কমিটির নির্বাচন শনিবার।
শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এ নির্বাচনের ভোটগ্রহণ চলবে।
এতে সভাপতি পদে দৈনিক করতোয়ার মাহমুদুর রহমান খোকন গোলাপ ফুল ও যুগান্তরের স্বপন দাশগুপ্ত চেয়ার এবং সম্পাদক পদে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মহসীনুল করিম লেবু মাছ ও ডেসটিনির মোস্তফা হোসেন চৌধুরী কলম প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এছাড়া সহ-সভাপতি পদে দৈনিক জনপদের এসএম আবু সাঈদ (টেবিল) ও দৈনিক ভোরের কাগজের জীবন ইসলাম (আনারস) এবং কার্যনির্বাহী সদস্যের সাতটি পদে আবুল কাশেম (কলস), ফজলুল হক শাওন (মোরগ), মধূসুদন মণ্ডল (কম্পিউটার), মশিউর রহমান (ঘুড়ি), মোস্তফা কাজল (হাতি), আকতারুজ্জামান আয়াতুল্লাহ (মই), মো. শহিদুল ইসলাম (উড়োজাহাজ), শাহাবুদ্দীন চৌধুরী (ময়ুর) এবং শামীম সিদ্দিকী (বাই-সাইকেল) প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সমিতির বর্তমান যুগ্ম-সম্পাদক আইয়ুব আনসারী একই পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
সমিতির ২৬৮ জন ভোটার ভোট দিতে পারবেন।
ওদিকে শুক্রবার সংগঠনটির ত্রি-বার্ষিক সাধারণ সভা ডিআরইউ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
এতে আইনমন্ত্রী শফিক আহমেদ প্রধান অতিথি, স্থানীয় সরকার এবং পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও ডিআরইউ সভাপতি শামিম আহমদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সমিতির সভাপতি আশরাফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিএফইউজে মহাসচিব আলতাফ মাহমুদ, ডিআরইউ সাধারণ সম্পাদক পথিক সাহা, ভূমি সংক্রান্ত উপ-কমিটির আহ্বায়ক কুদ্দুস আফ্রাদ, সম্পাদক মহসীনুল করিম লেবু, জেলা সমবায় কর্মকর্তা রুহুল আমিন বক্তব্য রাখেন।
সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে সম্পাদক, কোষাধ্যক্ষ ও ভূমি সংক্রান্ত উপ-কমিটির আহ্বায়কের প্রতিবেদন পাস হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এইচএ/২১২২ ঘ.
bdnews24