ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলমান আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ ব্যক্তি ও রাজধানীর বিভিন্ন গুরত্বপূর্ণ স্থাপনার (কেপিআই) নিরাপত্তা আরও জোরদারের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
শুক্রবার ডিএমপির এক বিশেষ সভায় এ সিদ্ধান্ত হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান ডিএমপির অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) ওয়ালিদ হোসেন।
তিনি বলেন, "সভায় চলমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে রাজধানীতে সহিংস ও আতঙ্ক সৃষ্টিকারী কর্মকাণ্ড এবং নিষিদ্ধ সংগঠনগুলোর তৎপরতা কঠোরভাবে দমনের সিদ্ধান্ত হয়েছে।
"এ জন্য থানার ওসিদের সতর্ক ও এসব বিষয়ে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর (কেপিআই) নিরাপত্তা আরও জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"
ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার আবুল কাশেমের সভাপতিত্বে সভায় মহানগর পুলিশ ও গোয়েন্দা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ঢাকার সব থানার ওসি উপস্থিত ছিলেন।
এ বিষয়ে ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় বোমাবাজ ও ত্রাসসৃষ্টিকারীদের অবস্থান ও তৎপরতা সম্পর্কে তথ্য দেওয়ার মাধ্যমে পুলিশকে সহযোগিতা করার জন্যও নগরবাসীকে অনুরোধ জানানো হয়।
বুধবার রাতে সরকারদলীয় সাংসদ শেখ ফজলে নূর তাপসের ওপর হামলার পরদিনই সারা দেশে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দেয় সরকার।
বৃহস্পতিবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বঙ্গবন্ধু হত্যা মামলার বিচারকাজ শুরু হওয়ায় সরকার এমনিতেই সতর্ক ছিলো। কালকের ঘটনার পর (তাপসের ওপর হামলা) র্যাব ও পুলিশসহ সব আইন-শৃঙ্খলা বাহিনীকে আরও সতর্ক থাকতে বলা হয়েছে। সারা দেশে সব গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদার করা হয়েছে।"
স্বরাষ্ট্র সচিব আব্দুস সোবহান শিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বঙ্গবন্ধুর খুনীরা যেসব কারাগারে রয়েছেন সেসব কারাগারের নিরাপত্তাও জোরদার করা হয়েছে।"
সচিব জানান, নিরাপত্তা জোরদার করার বিষয় নিয়ে সব আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে বৃহস্পতিবার দুপুর ও বিকেলে দু'দফা বৈঠক হয়। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রীও উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এজে/এসএইচ/২০৩৯ ঘ.
bdnews24