পঞ্চগড়, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পঞ্চগড়ের আটোয়ারি উপজেলা পরিষদ ভবনে উপজেলা চেয়ারম্যানের কক্ষ এবং তার ব্যবহৃত গাড়ির গ্যারেজে তালা দেওয়ার ঘটনায় বৃহস্পতিবার দুপুরে বিক্ষুব্ধ কর্মী-সমর্থকরা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) প্রায় ছয় ঘণ্টা অবরুদ্ধ করে রাখে। এ সময় তারা ইউএনও'র কক্ষ ভাঙচুর করে।
পঞ্চগড়-১ আসনের আওয়ামী লীগদলীয় সাংসদ মোজাহারুল হক প্রধান ঘটনাস্থলে গিয়ে কর্মী-সমর্থকদের শান্ত করলে বিকেল সাড়ে ৫টায় তারা অবরোধ তুলে নেয়। পরে পুলিশ প্রহরায় ইউএনও কার্যালয় ত্যাগ করেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকালে আটোয়ারীর ইউএনও রাশেদুল হাসান কার্যালয়ে এসে প্রথমে উপজেলা চেয়ারম্যান তৌহিদুল ইসলামসহ দুই ভাইস চেয়ারম্যানের কক্ষে তালা লাগিয়ে দেন। এরপর তিনি চেয়ারম্যানের গাড়ি রাখার গ্যারেজেও তালা লাগিয়ে দেন।
উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা কার্যালয়ে এসে কক্ষে তালা দেখে ক্ষুব্ধ হন। এ খবর ছড়িয়ে পড়লে সকাল সাড়ে ১১টায় তাদের কর্মী-সমর্থকরা উপজেলা পরিষদে ছুটে যায়। তারা ইউএনওর কক্ষে হামলা চালায় এবং তাকে লাঞ্ছিত করার চেষ্টা করে। হামলার সময় ইউনএনও তার কক্ষে প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে সভা করছিলেন।
পুলিশের বাধা পেয়ে এক পর্যায়ে কর্মী-সমর্থকরা ইউএনওর কক্ষের সামনে অবস্থান নেয়। তারা ইউএনওর কক্ষ লক্ষ্য করে ইট পাটকেল ছুড়লে দরজা ও জানালার কাচ এবং কয়েকটি ফুলের টব ভেঙে যায়।
ঘটনাস্থলে উপস্থিত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি জানান, উপজেলা চেয়ারম্যানের সমর্থকরা দফায় দফায় ইউএনও'র অপসারণ দাবি করে বিক্ষোভ মিছিল করে এবং নানা স্লোগান দেয়।
এ সময় উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ওয়াজেদ আলী সাংবাদিকদের বলেন, "ইউএনও নানাভাবে আটোয়ারীর মানুষকে হয়রানি করেন। তার অত্যাচারে এখানকার মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। আমরা ২৪ ঘন্টার মধ্যে তার অপসারণ বা বদলি দাবি করছি।"
খবর পেয়ে পঞ্চগড় থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জহুরুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নজরুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে যান।
বিকেলে ঘটনাস্থলে যান পঞ্চগড়-১ আসনের আওয়ামী লীগদলীয় সাংসদ মোজাহারুল হক প্রধান ঘটনাস্থলে যান।
পরিষদ চত্বরে এক সংক্ষিপ্ত সভায় তিনি বলেন, "জনগণের অনুভূতির প্রতি আমার শ্রদ্ধা রয়েছে। তাদের দাবির প্রতি আমিও একাত্মতা প্রকাশ করছি।"
পরে তিনি ইউএনওর কক্ষে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে সাড়ে ৫টার দিকে তিনি সমবেত লোকজনকে জানান, ইউএনও এই ঘটনায় ক্ষমা চেয়েছেন।
সাংসদ আগামী রোববারের মধ্যে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রতিশ্র"তি দিলে ক্ষুব্ধ সমর্থকরা শান্ত হন।
ইউএনও রাশেদুল হাসান গাড়ির গ্যারেজে তালা লাগানোর কথা স্বীকার করলেও চেয়ারম্যানের কক্ষে তালা দেওয়ার কথা অস্বীকার করেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের আলাদা কার্যালয় করে দেওয়ার পরেও তারা সেখানে যাচ্ছেন না। উপজেলা পরিষদ ভবনের কক্ষ ছেড়ে দেওয়ার অনুরোধ জানিয়ে তাদের চিঠিও দেওয়া হয়েছে। এরপরও তারা কক্ষ ছাড়েননি।"
তার ওপর হামলার চেষ্টা হয়েছে বলেও অভিযোগ করেন ইউএনও।
উপজেলা চেয়ারম্যান তৌহিদুল ইসলাম বলেন, "আকস্মিকভাবে কাউকে কোন কিছু না জানিয়ে কক্ষে ও গ্যারেজে তালা দেওয়ায় ক্ষুব্ধ লোকজন আমার কাছে আসে। লোকজনের ভিড়ের চাপে কিছু জিনিস নষ্ট হয়। ইউএনওর কক্ষে কেউ হামলা করেনি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১০৩ ঘ.
bdnews24