২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বন্দরের চাকরিচ্যুত শ্রমিকদের মধ্যে বারোশ' জনকে পুনর্বহাল করা হবে: মন্ত্রী

বিগত তত্ত্বাবধায়ক সরকার আমলে চট্টগ্রাম বন্দরের চাকরিচ্যুত ডক শ্রমিকদের থেকে বারোশ' জনকে পুনর্বহাল করা হবে বলে জানিয়েছেন নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2009, 02:00 PM

Updated : 26 Aug 2022, 12:14 PM

চট্টগ্রাম, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিগত তত্ত্বাবধায়ক সরকার আমলে চট্টগ্রাম বন্দরের চাকরিচ্যুত ডক শ্রমিকদের থেকে বারোশ' জনকে পুনর্বহাল করা হবে বলে জানিয়েছেন নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান। তিনি বন্দর শ্রমিকদের জন্য অচিরেই ন্যুনতম মজুরি বোর্ড ঘোষণা করার কথাও জানান। একইসঙ্গে বন্দর বন্ধ করে দাবি আদায় করার প্রবণতার ব্যাপারে সতর্ক করে দিয়ে মন্ত্রী বলেন, সরকার এক্ষেত্রে কোন প্রকার ছাড় দেবে না। মন্ত্রী বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম বন্দরে আন্দোলনরত ডক শ্রমিকদের বিভিন্ন সংগঠন এবং বন্দর কর্মকর্তাদের সঙ্গে কয়েক দফা বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন। তিনি বলেন, 'যারা বন্দর বন্ধ করে দাবি আদায় করতে চায় তারা দেশের মঙ্গল চান না। সরকার এক্ষেত্রে কোন প্রকার ছাড় দেবে না।' মন্ত্রী বন্দর বন্ধ করে দাবি আদায়ের প্রবণতা পরিহার করতে শ্রমিক সংগঠনগুলোকে আহবান জানিয়ে বলেন, "বন্দর বন্ধের পেছনে যারা নেপথ্য ভূমিকা পালন করছে তাদের চিহ্নিত করা হবে এবং চট্টগ্রাম বন্দরের শ্রমিক-কর্মচারী-মালিকদের পৃথক দুটি ইউনিয়ন থাকবে। শাজাহান খান বলেন, আগামী মাসের মধ্যে শ্রমিকদের কল্যাণমূলক সুবিধাসমূহ চালু করা হবে। 'বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন আইন-২০০৬' অনুসারে এসব কল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করা হবে বলে তিনি জানান। ২০১৬ সালের মধ্যে কক্সবাজারের সোনাদিয়ায় গভীর সমুদ্র বন্দরের অপারেশনাল কার্যক্রম শুরু করা যাবে আশা প্রকাশ করে নৌ পরিবহন মন্ত্রী বলেন, এর জন্য অর্থ সংগ্রহের কাজ চলছে। তবে এখনো কোনো বিদেশী দাতা সংস্থার কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। তিনি জানান, অর্থ সংগ্রহ হলে দ্রুত গভীর সমুদ্র বন্দর নির্মাণের কাজ শুরু করা হবে। বন্দরে যন্ত্রপাতির সঙ্কট প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, "প্রশাসনিক জটিলতার কারণে অতীতে নানা সময়ে ইক্যুইপমেন্ট ক্রয়ে বিলম্ব হয়েছে।" নাব্যতা সঙ্কট নিরসনে ড্রেজার কেনার উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে আগামী বছরের শুরুর দিকে এ সমস্যা কেটে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। সকালে মন্ত্রী বোর্ড রুমে চট্টগ্রাম বন্দরের উর্ধতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মিলিত হন। পরে তিনি একে একে বন্দর জাতীয় শ্রমিক লীগ, জাতীয়তাবাদী বন্দর সংযুক্ত শ্রমিক কর্মচারী ফেডারেশন, ডক-বন্দর শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ, চট্টগ্রাম বন্দর ডক কর্মচারী শ্রমিক-কর্মচারী ফেডারেশন এসব সংগঠনের নেতাদের সঙ্গে পৃথক বৈঠকে বসেন। দুপুরের দিকে নৌ মন্ত্রী অন্য শ্রমিক সংগঠনগুলোর সঙ্গে বৈঠক করার সময় চট্টগ্রাম বন্দর ডক শ্রমিক-কর্মচারী ফেডারেশনের নেতাকর্মীরা 'ডক শ্রমিক পরিচালনা বোর্ড' পুনরায় চালু এবং চাকরিচ্যুত সব শ্রমিককে পুনর্বহালের দাবিতে বন্দর ভবনের বাইরে বিক্ষোভ মিছিল করে। পৃথক বৈঠকগুলোতে মন্ত্রী ছাড়াও নৌ-পরিবহন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাংসদ শামসুল হক চৌধুরী, নৌ-পরিবহন সচিব আবদুল মান্নান হাওলাদার, বন্দর চেয়ারম্যান কমডোর আর ইউ আহমেদ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসকে/১৯৫৭ঘ.