২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওসমানী মেডিকেল কলেজে ছাত্রলীগ-শিবির ধাওয়া পাল্টা ধাওয়া

সিলেট ওসমানী মেডিকেল কলেজে বৃহস্পতিবার দুপুরে ছাত্রলীগ ও ছাত্র শিবিরের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2009, 11:36 AM

Updated : 26 Aug 2022, 12:14 PM

সিলেট, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিলেট ওসমানী মেডিকেল কলেজে বৃহস্পতিবার দুপুরে ছাত্রলীগ ও ছাত্র শিবিরের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কেউ হতাহত না হলেও প্রায় দু'ঘণ্টা ক্যাম্পাসে উত্তেজনা ছিল। এমবিবিএস ৪৮তম ব্যাচে ভর্তি হতে আসা শিক্ষার্থীদের সংগঠনে ভেড়াতে ছাত্রশিবির নানাভাবে প্রলোভিত করছে- এই অভিযোগ নিয়ে ছাত্রলীগের সঙ্গে সংগঠনটির নেতাকর্মীদের বাগবিতণ্ডা হয়। এ নিয়ে দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। সিলেট ওসমানী মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ফরহাদ উদ্দিন হাসান চৌধুরী মারুফ জানান, ভর্তি হতে আসা শিক্ষার্থীদের নানাভাবে প্রলোভিত করছিল ছাত্রশিবিরের কিছু কর্মী। এতে ছাত্রলীগ বাধা দেয়। ওসমানী মেডিকেল কলেজ শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আব্দুল্লাহ হাসান জানান, ভর্তি হতে আসা ছাত্রছাত্রীদের ফরম পূরণে শিবিরের কর্মীরা সাহায্য করেছিল। এতে ক্ষিপ্ত হয়ে ছাত্রলীগ কর্মীরা ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করে। মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. এম এ আহবাব জানান, দুপুরের দিকে দুটি ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। এতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরে সংগঠন দুটির নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে বিষয়টি মীমাংশা করা হয়েছে। ক্যাম্পাস পরিস্থিতি এখন শান্ত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭২৯ ঘ.