ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার দলীয় সাংসদ শেখ ফজলে নূর তাপসের ওপর হামলার নিন্দা জানিয়ে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দা সাজেদা চৌধুরী বলেছেন, এ ধরনের হামলা করে বঙ্গবন্ধু হত্যা মামলার বিচারের পথকে রুদ্ধ করা যাবে না।
বুধবার রাতে মতিঝিলে শেখ ফজলে নূর তাপসের গাড়িতে বোমা হামলা হলে আওয়ামী লীগের নেতাকর্মী ও পথচারীসহ ১৩ জন আহত হয়।
বুধবার রাতে দেওয়া এক বিবৃতিতে তাপসের ওপর বোমা হামলাকে বর্বরোচিত ও কাপুরুষিত আখ্যায়িত করে তিনি বলেন, "বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলা যখন আপিল বিভাগে চূড়ান্ত রায়ের জন্য বিচারাধীন, তখনই এ মামলার একজন কৌঁসুলি শেখ ফজলে নূর তাপসের ওপর এ হামলা হয়েছে।"
এ ঘটনাকে গণতন্ত্র ও মানবাধিকার বিরোধী আখ্যায়িত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহবান জানিয়েছেন সাজেদা চৌধুরী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে সুইডেনে থাকায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী দলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএউএম/এএনএস/এসএইচ/২৩৪৫ঘ.
bdnews24