২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুদামের আগুনের সূত্রপাত শনিবার রাতেই

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) তেজগাঁওয়ের গুদামের আগুন রোববার ভোরে সনাক্ত হলেও শনিবার রাতেই আগুনের সূত্রপাত বলে আশঙ্কা দমকল কর্মীদের। দমকল কর্মকর্তারাও বিষয়টি 'হতে পারে' বলে জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2009, 05:01 PM

Updated : 26 Aug 2022, 12:14 PM

ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) তেজগাঁওয়ের গুদামের আগুন রোববার ভোরে সনাক্ত হলেও শনিবার রাতেই আগুনের সূত্রপাত বলে আশঙ্কা দমকল কর্মীদের। দমকল কর্মকর্তারাও বিষয়টি 'হতে পারে' বলে জানিয়েছেন। তেজগাঁও স্টেশনের এক দমকল কর্মী জানান, সকালে খবর পাওয়ার পর তারাই প্রথমে ঘটনাস্থলে এসেছেন। তখন প্রচণ্ড ধোঁয়ায় পুরো ভবনের চারপাশ আচ্ছন্ন ছিল। ধোঁয়ার কারণে আগুনের উৎসস্থল খুঁজে পাওয়া যাচ্ছিল না। মনে হচ্ছিল, ভবনের দোতালা ও তিনতলায় আগুন লেগেছে। প্রথমে কিছুটা বিভ্রান্ত হয়ে আগুন খোঁজাখুঁজি চলে। ঘণ্টাখানেকের মধ্যে নিচতলায় আগুনের উৎসস্থল চিহ্নিত করা হয়। ঘটনার দিন সেখানে শুরুতে যাওয়া দমকল কর্মকর্তার একজন জানান, যেভাবে ধোঁয়া বের হচ্ছিল, তাতে মনে হয়েছে আগুনটা অনেকক্ষণ ধরেই জ্বলছিল। এনসিটিবি থেকে দমকল বাহিনীকে খবর দেওয়া হয় সকাল ৭টার কিছুক্ষণ পর। এরপরই প্রথমে তেজগাঁও স্টেশন থেকে দু'টি গাড়ি ঘটনাস্থলে যায়। এনসিটিবির তেজগাঁ গুদামের ইনচার্জ ফজলুল হক জানান, রোববার ভোরে মানুষের 'আগুন' 'আগুন' চিৎকারে তার ঘুম ভেঙে যায় এবং তিনি উঠে এসে দমকল বাহিনীকে খবর দেন। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানান, রোববার ভোর সাড়ে ৬টার দিকে আগুনটা প্রথমে গোচরে এসেছে। ফজরের নামাজ পড়তে বের হওয়া মুসল্লিরা আগুন দেখে চিৎকার করেন। এ বিষয়ে দমকলের পরিচালক (অপারেশন্স) মেজর শেখ মো. শাহজালাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আগুনটা সকালে শনাক্ত হলেও এটা অনেকক্ষণ ধরেও জ্বলতে পারে। তবে কাগজের আগুন খুব দ্রুত ছড়ায়।" গুদামটির পেছনের সিনথিয়া রাবার ইন্ডাস্ট্রির কর্মচারি সেলিম রোববার জানান, রাত ১২টার দিকেই তারা গুদামের এক্সস্ট ফ্যানের ফুটো দিয়ে ধোঁয়া উঠতে দেখেছিলেন। তবে তখন তারা বিষয়টি ধারণা করতে পারেননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসএইচ/২২৫০ ঘ.