ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশ ও জনগণের স্বার্থে জাতীয় ইস্যুতে এক হওয়ার জন্য রাষ্ট্রপতির আহবানকে স্বাগত জানিয়েছে বিএনপি।
বুধবার সন্ধ্যায় এক গোলটেবিল বৈঠকে প্র্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন। জাতীয় ঐক্যের বিষয়ে প্রয়োজনে রাষ্ট্রপতি গোলটেবিল বৈঠক ডাকলে তাতে তার দল সাড়া দেবে বলেও জানান তিনি।
জাতীয় প্রেস ক্লাবে নাগরিক ফোরামের উদ্যোগে 'পঞ্চম সংশোধনী ও তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতিঃ আগামীর ভাবনা' শীর্ষক এই গোলটেবিল বৈঠকে বক্তারা তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পরিবর্তনের বিষয় নিয়ে আলোচনা করেন।
দেলোয়ার বলেন, ''রাষ্ট্রপতি সব রাজনৈতিক দলের প্রতি জাতীয় ইস্যুতে ঐকমত্যে পৌঁছার যে আহবান জানিয়েছেন তাকে আমরা স্বাগত জানাই। এখন সময় এসেছে দেশ ও মানুষের কল্যাণে সবার এক হয়ে কাজ করার। রাষ্ট্রপতিকে আমি সৎ ও একজন ভালো মানুষ হিসেবে জানি। তিনি তার কথা কার্যকর করতে উদ্যোগ নেবেন, এটাই আমরা প্রত্যাশা করি।''
মঙ্গলবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. জিল্লুর রহমান দেশ ও জনগণের বৃহত্তর কল্যাণে জাতীয় ইস্যুতে সব রাজনৈতিক দলকে ঐকমত্যে পৌঁছানোর আহবান জানান।
দেলোয়ার রাষ্ট্রপতির সঙ্গে তার ব্যক্তিগত দীর্ঘ পরিচয়ের কথা উল্লেখ করে বলেন, ''আপনি প্রধানমন্ত্রীকে যদি এই ঐকমত্যের বিষয়টি বোঝাতে পরামর্শ দিয়ে অগ্রসর হন তাহলেই ভালো হবে।"
তিনি বলেন, "রাষ্ট্রপতি গোলটেবিল বৈঠক ডাকলে আমরা যাব। জাতীয় ইস্যুগুলোর সমাধানে খোলামেলা আলোচনা করতে চাই। আর কত কাল আমরা একে অপরের সঙ্গে মারামারি কবর। এই সংস্কৃতির পরিবর্তন করতে হবে। দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সবাইকে একযোগে কাজ করতে হবে।''
বিএনপি মহাসচিব সরকারি দলের গত নয় মাসের ব্যর্থতা ও অগণতান্ত্রিক আচরণেরও সমালোচনা করেন।
দেশের স্বার্থে সরকার কাজ করলে বিএনপি সহযোগিতা করতে চায় জানিয়ে দেলোয়ার বলেন, কিন্তু বাস্তবে তারা কী করছে? দেশের অবস্থা কেমন আপনারা ভালো জানেন। বিএনপি কিংবা বিরোধী দল হলে মামলা মোকদ্দমা দিয়ে দমিয়ে রাখতে হবে-এটা কোনো গণতান্ত্রিক সরকারের আচরণ হতে পারে না। কিন্তু আওয়ামী লীগ সরকারে আসার পর তা-ই করা হচ্ছে।''
তিনি সরকারের '৭২ সালের সংবিধানে ফিরে যাওয়া এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের উদ্যোগের বিরোধিতা করে বলেন, এসব সংশোধন দেশের মানুষ মেনে নেবে না। ১৫ কোটি মানুষ যা চায়, তার উল্টো স্রোতে চলে কোনো লাভ হবে না। এ দেশের মানুষ আর একদলীয় শাসনব্যবস্থায় ফিরে যাবে না-এটা সরকারকে বুঝতে হবে। তাদের আরও বুঝতে হবে যে ১৯৭৫ সালে যা সম্ভব ছিল, ২০০৯ সালে তা সম্ভব নয়।
সেইসঙ্গে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও আহবান জানান বিএনপি মহাসচিব।
সংগঠনের সভাপতি আবদুল্লাহিল মাসুদের সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে অন্যান্যেও মধ্যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোজাফফর আহমেদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আ স ম হান্নান শাহ, বিরোধী দলের প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক, জামায়াতের মাওলানা আবদুস সুবহান, ব্যারিস্টার আবদুর রাজ্জাক, পিডিপি'র আবুল হাসান চৌধুরী, জাগাপা'র শফিউল আলম প্রধান, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) আবু নাসের মো. রাহমাতুল্লাহ ও সংগঠনের পারভেজ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
এর আগে বিকেলে বিএনপি মহাসচিব সদ্য করামুক্ত দলের যুগ্ম মহাসচিব গয়েশ্বর চন্দ্র রায়কে নিয়ে শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের কবরে পুস্পমাল্য অর্পণ করেন। এ সময় দলের যুগ্ম মহাসচিব মির্জা আব্বাস, সাংসদ বরকত উল্লাহ বুলু, সাধারণ সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।
সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দেলোয়ার বলেন, ''সরকার বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার না করলে তার দল রাজপথে আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।''
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৯২৫ ঘ.
bdnews24