গাজীপুর, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর মালিবাগ মোড় থেকে অপহৃত তারেক সরদার (৩৪) নামের এক ব্যক্তিকে টঙ্গীর বাস্তুহারা এলাকা থেকে সোমবার রাতে উদ্ধার করেছে পুলিশ।
অপহরণের সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা হলেন- রিপন (২৪), লিটন (৩৫), সোহেল (২৬) ও রাশেদ (২০)।
মঙ্গলবার দুপুরে উদ্ধারকৃত ব্যবসায়ী এবং গ্রেপ্তারকৃতদের রাজধানীর পল্টন থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে বলে টঙ্গী থানার ওসি তপন চন্দ্র সাহা জানান।
পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ মো. আলমগীর হোসেন জানান, অপহরণকারীরা তারেক সরদারকে রোববার দুপুর ২টার দিকে মালিবাগ মোড় থেকে অপহরণ করে। অপহরণকারীরা তাকে মুখোশ পড়িয়ে প্রথমে শাহজাহানপুর এলাকার একটি বাড়িতে আটকে রাখে এবং তার মার কাছে মোবাইল ফোনে তিন লাখ টাকা মুক্তিপণ চায়।
পরে তাকে টঙ্গীর বাস্তুহারা এলাকার নিয়ে যায়। মোবাইল ফোন কলের সূত্র ধরে সোমবার রাত ১১টার দিকে টঙ্গীর বাস্তুহারা এলাকার তিন নম্বর ব্লকের লিটনের বাড়ি থেকে তারেককে উদ্ধার করা হয় বলে এসআই আলমগীর জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২০১ ঘ.
bdnews24