২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জনগণ টেন্ডারবাজির জন্য ভোট দেয়নি: মান্নান

ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীদের টেন্ডারবাজিতে না জড়ানোর আহ্বান জানিয়ে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান বলেছেন, রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হলে গত সংসদ নির্বাচনে বিএনপি'র মতো আওয়ামী লীগকেও একই পরিণতি বরণ করতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2009, 03:31 PM

Updated : 26 Aug 2022, 12:13 PM

চট্টগ্রাম, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীদের টেন্ডারবাজিতে না জড়ানোর আহ্বান জানিয়ে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান বলেছেন, রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হলে গত সংসদ নির্বাচনে বিএনপি'র মতো আওয়ামী লীগকেও একই পরিণতি বরণ করতে হবে। মঙ্গলবার দুপুরে নগরীর কাজীর দেউরী কাঁচা বাজার ও অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, "বিগত সংসদ নির্বাচনে বিএনপি ২৯ আসন পেয়েছে। রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হলে জনগণ আগামী নির্বাচনে আমাদের ৯ আসনও দেবে না।" রাষ্ট্র পরিচালনায় আওয়ামী লীগ ব্যর্থ হতে চায় না- জানিয়ে তিনি বলেন, "টেন্ডারবাজ ছাত্রলীগ-যুবলীগ যে-ই হোক না কেন কোনো ছাড় দেওয়া হবে না। জনগণ আমাদের টেন্ডারবাজি করার জন্য নয়, সেবা পেতেই ভোট দিয়েছে।" চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আবদুচ ছালামের সভাপতিত্বে এ কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী ও চট্টগ্রাম চেম্বারের সিনিয়র সহ-সভাপতি এম এ ছালাম। অনুষ্ঠানে আবদুল মান্নান খান বলেন, অপরিকল্পিত নগরায়ণের ফলে দিন দিন কৃষি জমির পরিমাণ কমছে। এজন্য আগামী দিনগুলোতে সরকারি জমিতে প্লট বরাদ্দ না দিয়ে ফ্ল্যাট নির্মাণের চিন্তা করা হচ্ছে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোগে নগরীর কাজীর দেউরী মোড়ে ৬৫ কোটি টাকা ব্যয়ে 'কাজীর দেউরী কাঁচা বাজার ও অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স' নির্মাণ করা হবে। এর আগে সকালে মন্ত্রী সিডিএ'র ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। এসময় তিনি দলীয় বিশ্বাসের ঊর্ধ্বে উঠে নিরপেক্ষভাবে কাজ করার জন্য কর্মকর্তাদের নির্দেশ দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/এসকে/২১২৯ঘ.