২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নকল লাইসেন্স ঠেকাতে বিআরটিএ'কে কঠোর হওয়ার নির্দেশ

নকল ড্রাইভিং লাইসেন্সের ব্যবহার বন্ধে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিএ) কঠোর হওয়ার নির্দেশ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, অদক্ষ চালকদের কারণেই বেশি দুর্ঘটনা ঘটছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2009, 03:00 PM

Updated : 26 Aug 2022, 12:13 PM

ঢাকা, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নকল ড্রাইভিং লাইসেন্সের ব্যবহার বন্ধে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিএ) কঠোর হওয়ার নির্দেশ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, অদক্ষ চালকদের কারণেই বেশি দুর্ঘটনা ঘটছে। প্রয়োজনে লাইসেন্স প্রদানে উন্নত প্রযুক্তির নিরাপত্তা ব্যবস্থা ব্যবহারের পরামর্শও দেন তিনি। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিরাপদ সড়কের বিষয়ক তথ্যচিত্র 'নাকফুল' প্রদর্শনের পর মন্ত্রী সাংবাদিকদের একথা বলেন। আগামী ২২ অক্টোবর 'নিরাপদ সড়ক দিবস' উপলক্ষে তথ্যচিত্রটি নির্মাণ করেছেন 'নিরাপদ সড়ক চাই' আন্দোলনের প্রধান চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চন। আগামী ২২ অক্টোবর বিটিভিতে এটি প্রচারের পর সারাদেশে প্রদর্শনের ব্যবস্থা নেওয়া হবে। গত ১৬ বছর ধরে এ দিনটি 'নিরাপদ সড়ক দিবস' হিসাবে পালিত হয়ে আসছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "নকল ড্রাইভিং লাইসেন্স ধরতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। বিআরটিএকে এ বিষয়ে কঠোর হতে হবে। সঠিক চালকদেরকেই লাইসেন্স প্রদান করতে হবে।" অদক্ষ চালকদের দ্রুত ও বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে বেশি দুর্ঘটনা ঘটছে- মন্তব্য করে সাহারা খাতুন জানান, চালকদের প্রশিক্ষিত ও সচেতন করতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে উদ্বুদ্ধকরণ এ তথ্যচিত্র নির্মাণ করা হয়েছে। টেন্ডারবাজি বন্ধে প্রধানমন্ত্রীর নির্দেশের কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "এরপরও তা অব্যাহত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। টেন্ডারবাজ যে দলেরই হোক না কেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।" সকালে তেজগাঁওয়ে সন্ত্রাসীদের হাতে সরকারি কমকর্তার গুলিবিদ্ধ হওয়াকে একটি 'বিচ্ছিন্ন' ঘটনা বলে মন্তব্য করেন তিনি। স্বরাষ্ট্র সচিব আব্দুস সোবহান সিকদার জানান, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নকল লাইসেন্স ধরতে ইতোমধ্যে কাজ শুরু করেছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিআরটিএ'র এক শ্রেণীর অসাধু কমকর্তা-কর্মচারির সহায়তায় নকল লাইসেন্স সরবরাহ করা হয়ে থাকে বলে ব্যাপক অভিযোগ রয়েছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন বিআরটিএ চেয়ারম্যান এহসানুল হক। তিনি বলেন, "বিআরটিএ কোনো নকল লাইসেন্স দেয় না। কোনো কর্মকর্তা-কর্মচারীর এক্ষেত্রে জড়িত থাকার সঠিক তথ্য পাওয়া গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এফএফ/এএল/এসকে/২০৫৫ঘ.