২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাঁচপুর সেতু এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কাঁচপুর সেতু এলাকার শীতলক্ষ্যা নদীতীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2009, 02:41 PM

Updated : 26 Aug 2022, 12:13 PM

নারায়ণগঞ্জ, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কাঁচপুর সেতু এলাকার শীতলক্ষ্যা নদীতীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসন এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) যৌথ উদ্যোগে এই অভিযান শুরু হয়। নদীর তীর ভরাট করে অবৈধভাবে রাখা বিপুল পরিমান বালু ও পাথর দুদিনের মধ্যে সরিয়ে নেওয়ার জন্য নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ। অভিযানের প্রথম দিন মঙ্গলবার বেলা ১১টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত সেতু এলাকায় অবৈধভাবে গড়ে তোলা টিনের তৈরি দোকান ঘর, পাথর ও বালুর গদিসহ কয়েকটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। বিআইডব্লিউটিএর নৌযান অগ্রপথিক ও ওয়ার্ক বোটসহ প্রায় শতাধিক শ্রমিক উচ্ছেদ কার্যক্রমে অংশ নেয়। উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন- বিআইডব্লিউটিএ'র বন্দর ও পরিবহন বিভাগের পরিচালক মাহবুবুর রহমান, প্রধান প্রকৌশলী (সিভিল) সাদেকুল ইসলাম, নারায়ণগঞ্জের প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আব্দুল হাই ও সামসুজ্জোহা, বিআইডব্লিউটিএ'র নারায়ণগঞ্জ নদী বন্দরের উর্ধ্বতন উপ-পরিচালক আবু জাফর হাওলাদর, উপ-পরিচালক আলমগীর কবীর প্রমুখ। উচ্ছেদ অভিযানে বিপুল সংখ্যক পুলিশ ও র‌্যাব মোতায়েন ছিল। উচ্ছেদ অভিযান পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, শীতলক্ষ্যা নদীর সিদ্ধিরগঞ্জের শিমরাইলে কাঁচপুর সেতু এলাকায় নদী ভরাট করে দীর্ঘদিন ধরে প্রভাবশালীরা পাথর ও বালুর ব্যবসা করে আসছে। বিআইডব্লিউটিএ এ ধরনের অবৈধ ৬০টি প্রতিষ্ঠান চিহ্নিত করে উচ্ছেদ অভিযান শুরু করে। ম্যাজিস্ট্রেট আব্দুল হাই জানান, নদীর সীমানা লাল পতাকা দিয়ে চিহিৃত করা হয়েছে। ভরাটকৃত জায়গায় রাখা পাথর ও বালু দুই দিনের মধ্যে নিজ দায়িত্বে সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নারায়ণগঞ্জ নদী বন্দরের উপ-পরিচালক আলমগীর কবির জানান, এর আগে ৬০টি প্রতিষ্ঠানকে নদীতীরে ব্যবসা করার জন্য লাইসেন্স দেওয়া হয়েছিল। কিন্তু শর্ত ভঙ্গ করায় তাদের লাইসেন্স বাতিল করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৩১ ঘ.