সিলেট, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের সুরমা উপজেলার লালবাজার এলাকা থেকে মঙ্গলবার দুপুরে সিএনজি চালিত আটোরিকশাসহ বিভিন্ন গাড়ি চোর চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এরা হলেন- মজনু মিয়া (২৫), সোহেল মিয়া (২০), ইমরান মিয়া (১৮), পায়েল আহমদ (২১), আব্দুল করিম (২৬) ও মকু মিয়া (২২)।
দক্ষিণ সুরমা থানার উপ-পরিদর্শক (এসআই) মতিয়ার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিশ্বনাথ উপজেলার তেঘরী এলাকা থেকে সোমবার রাত তিনটায় একটি আটোরিকশা চুরি হয়।
পরে মঙ্গলবার দুপুর ১টার দিকে লালাবাজার এলাকা থেকে স্থানীয় এলাকাবাসীর সহায়তায় চুরি যাওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় ছয় জনকে। এরা আন্ত:জেলা গাড়ি চোর চক্রের সদস্য বলে পুলিশের ধারণা।
এসআই মতিয়ার রহমান জানান, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অটোরিকশা চুরির ঘটনায় বিশ্বনাথ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৮১২ ঘ.
bdnews24