২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় টোল প্লাজায় যুবলীগ-ছাত্রলীগের হামলা, পুলিশসহ আহত ১০

খুলনার রূপসা নদীর ওপর খানজাহান আলী সেতুর টোল প্লাজায় যুবলীগ ও ছাত্রলীগ কর্মীদের হামলায় সোমবার দুপুরে টোল আদায়কারী ও পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2009, 06:25 PM

Updated : 26 Aug 2022, 12:13 PM

খুলনা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনার রূপসা নদীর ওপর খানজাহান আলী সেতুর টোল প্লাজায় যুবলীগ ও ছাত্রলীগ কর্মীদের হামলায় সোমবার দুপুরে টোল আদায়কারী ও পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়েছে। আহত টোল প্লাজার কর্মী কামরুজ্জামান (৪০), হাবিবুর রহমান বাচ্চু (২৫), আফতাব হোসেন (২৬), হুমায়ুন কবীর (২২) ও মিন্টু মল্লিককে (২২) স্থানীয় ক্রিশ্চান সার্ভিস সোসাইটি (সিএসএস) হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বাকি দু'জনের নাম জানা যায়নি। এ ছাড়া রূপসা থানার কনস্টেবল আবুল কালাম ও কেরামতকে পুলিশ লাইন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং বাদশা মিয়াকে ভর্তি করা হয়েছে। খুলনার পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) মো. শামসুদ্দীন জানান, বাগেরহাটের চিতলমারী থানা আ. লীগ সভাপতি মোহন আলী বিশ্বাস জামিনে মুক্তি পেয়ে খুলনা কারাগার থেকে বের হয়ে চিতলমারীর যাচ্ছিলেন। এ সময় শতাধিক মোটরসাইকেলসহ যুবলীগ ও ছাত্রলীগ নেতী-কর্মীরা তার সঙ্গে ছিল। পুলিশ কর্মকর্তা বলেন, মোটরসাইকেল বহর খানজাহান আলী সেতুর টোল প্লাজা একসঙ্গে অতিক্রম করতে চাইলে প্লাজায় দায়িত্বরত কর্মীরা বাধা দেয়। কম্পিউটারে গণনার সুবিধার জন্য একটি একটি করে যানবাহন পার হওয়ার নিয়ম রয়েছে বলে তারা জানায়। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে যুবলীগ ও ছাত্রলীগ কর্মীরা টোল প্লাজা ভাংচুর ও আদায়কারীদের মারধর শুরু করে। এতে বাধা দিতে এলে কর্তব্যরত পুলিশকেও তারা আক্রমণ করে। প্লাজার কয়েকটি ব্যারিকেড তারা ভেঙে ফেলে। এ ব্যাপারে মামলা করার বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে বলে পুলিশ কর্মকর্তা জানান। চিতলমারী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান পুপুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, টোল আদায়কারীরা মোটরসাইকেল বহরের লোকজনের সঙ্গে দুর্ব্যবহার করে। তারা প্রথমে আক্রমণ করে। তাদের হামলায় যুবলীগ ও ছাত্রলীগের কয়েকটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০১৮ ঘ.