২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে হেলে পড়া ভবনগুলোর একটি ভেঙে ফেলার নির্দেশ

নারায়ণগঞ্জ শহরের হাজীগঞ্জে হেলে পড়া তিনটি পাঁচতলা ভবনের মধ্যে একটি ভবন ১৫ দিনের মধ্যে নিজ উদ্যোগে ভেঙে ফেলতে মালিককে নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2009, 03:55 PM

Updated : 26 Aug 2022, 12:13 PM

নারায়ণগঞ্জ, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জ শহরের হাজীগঞ্জে হেলে পড়া তিনটি পাঁচতলা ভবনের মধ্যে একটি ভবন ১৫ দিনের মধ্যে নিজ উদ্যোগে ভেঙে ফেলতে মালিককে নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। ভবনটির মালিক সদর উপজেলার ফতুল্লার সস্তাপুর কমর আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হোসনে আরা বেগমকে ইতোমধ্যেই চিঠি দেওয়া হয়েছে। সোমবার প্রশাসনের সিদ্ধান্তের কথা জানিয়ে মাইকিং করা হয় এলাকায়। জেলা প্রশাসক মো. সামছুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাজউকের বিশেষজ্ঞ দলের প্রতিবেদনের ভিত্তিতে প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে এমনভাবে ভাঙতে হবে যাতে জানমালের কোন ক্ষতি না হয়। ভবনটি ভেঙে ফেলার পর বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে অন্য দু'টি ভবনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। গত ১০ অক্টোবর সন্ধ্যায় শহরের ঘনবসতিপূর্ণ এলাকা হাজীগঞ্জে তিনটি পাঁচতলা ভবন বিপজ্জনকভাবে হেলে পড়ার বিষয়টি লোকজনের নজরে আসে। হাজীগঞ্জ মুক্তিযোদ্ধা সড়কের হোসনে আরা বেগমের পাঁচতলা ভবনটি হেলে পড়ে দক্ষিণ পাশের দুবাই প্রবাসী আশরাফের পাঁচতলা বাড়ির সঙ্গে লেগে গেছে। পূর্ব পাশ দিয়ে ইতালি প্রবাসী ভুলু মিয়ার পাঁচতলা ভবনটি সামান্য পশ্চিম দিকে হেলে আশরাফের বাড়ির সঙ্গে ঠেকে গেছে। পরে জেলা প্রশাসন দুর্ঘটনা এড়াতে তিনটি ভবনের বাসিন্দাদের দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়। ১১ অক্টোবর রাজউকের বিশেষজ্ঞ দল ভবন তিনটি সরেজমিন পরিদর্শন করে। প্রশাসনের কর্মকর্তারা জানান, ১৪ অক্টোবর রাজউকের সচিব স্বাক্ষরিত এক প্রতিবেদনে বলা হয়, মাটির ভার বহন ক্ষমতা নিরূপণ না করেই ভবন নির্মান করা হয়েছে। রাজউকের অনুমোদনও নেই। হেলে পড়া ভবন ভেঙে ফেলা না হলে যে কোন সময় দুর্ঘটনা ঘটে জানামালের ক্ষতি হতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৫২ ঘ.