ঢাকা অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টিপাইমুখে বাঁধ নির্মাণের প্রতিবাদে রোববার ভারতীয় দূতাবাস অভিমুখে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। তবে পুলিশের ব্যারিকেডের মুখে মুক্তাঙ্গন থেকে মিছিল নিয়ে মালিবাগ মোড়েই কর্মসূচী সমাপ্ত করতে বাধ্য হয় সংগঠনটি।
টিপাইমুখে পরিকল্পিত বাঁধ নির্মাণ বন্ধ এবং ভারতীয় দূতাবাস ও রাষ্ট্রদূতকে প্রত্যাহারের দাবিতে সোমবার দুপুরে মুক্তাঙ্গনে এক বিক্ষোভ সমাবেশের পর ওই মিছিল বের করে ইসলামী আন্দোলন।
সমাবেশে দলের আমীর চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম ও বরগুনার পীর আব্দুর রশিদসহ অন্যান্য নেতারা বক্তব্য দেন। (আরো তথ্যসহ)
চরমোনাই পীর টিপাইমুখ বাঁধের 'অভিশাপ' থেকে দেশকে বাঁচাতে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে আগামী ২৪ ডিসেম্বর টিপাইমুখ বাঁধ অভিমূখে লংমার্চ সর্বাত্মকভাবে সফলের জন্য সবার প্রতি আহবান জানান। তিনি অভিযোগ করেন, সরকার ও মন্ত্রীপরিষদের সদস্যরা বাঁধের বিপক্ষে অবস্থান না নিয়ে বরং ভারতের স্বার্থরক্ষায় মিথ্যা কথা বলে জনগণকে বিভ্রান্ত করে চলেছেন।
প্রস্তাবিত শিক্ষানীতির তীব্র সমালোচনা করে তিনি বলেন, "কবীর চৌধুরী গংদের প্রণীত শিক্ষানীতি ধর্মহীন, ঈমান-আক্বিদা বিরোধী ও বাস্তবতা বিবর্জিত শিক্ষানীতি। অবিলম্বে এই নীতি বাতিল করা না হলে দেশব্যাপী আন্দোলনের দাবানল জ্বলে উঠবে।"
গুলশানের ভারতীয় দূতাবাস অভিমুখী মিছিল পুলিশ ব্যারিকেড দিয়ে মালিবাগে আটকে দিলে সেখানে সংক্ষিপ্ত এক সমাবেশ হয়। এতে আগামী ২৩ অক্টোবর মুক্তাঙ্গনে ছাত্র-জনতা সমাবেশ, ২৪ অক্টোবর সিলেট অভিমুখে লংমার্চ ও ৩০ তারিখে শিক্ষানীতি বাতিলের দাবীতে মুক্তাঙ্গনে জনসভার ঘোষণা দিয়ে বিক্ষোভ মিছিল শেষ করা হয়।
এই মিছিলের কারণে মালিবাগ, কাকরাইল, পল্টন ও আশেপাশের এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
পুলিশের মতিঝিল অঞ্চলের উপ-কমিশনার খন্দকার মুহিদ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মিছিলের কারণে যাতে কোন সমস্যার সৃষ্টি না হয়, এ জন্যে কয়েকটি রাস্তা আমরা বন্ধ করতে বাধ্য হয়েছি। তবে শান্তিপূর্ণভাবেই বিক্ষোভ মিছিল সমাপ্ত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এসকে/২৩৪৩ঘ.
bdnews24