২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু, চিকিৎসকের বিরুদ্ধে মামলা

ভুল চিকিৎসা ও অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগে চট্টগ্রামের এক আদালতে চিকিৎসকের বিরুদ্ধে মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2009, 03:12 PM

Updated : 26 Aug 2022, 12:13 PM

চট্টগ্রাম, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভুল চিকিৎসা ও অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগে চট্টগ্রামের এক আদালতে চিকিৎসকের বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার সকালে চট্টগ্রাম অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আসাদুজ্জামান খানের আদালতে এ মামলা করেন মৃতের ছেলে সাবেক মহানগর পিপি (পাবলিক প্রসিকিউটর) ও বিএনপি নেতা অ্যাডভোকেট আবদুস সাত্তার। মামলায় নগরীর ন্যাশনাল হাসপাতালের চিকিৎসক শামীম বক্সকে আসামি করা হয়। বাদিপক্ষের আইনজীবী কফিল উদ্দিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিচারক বাদির অভিযোগ আমলে নিয়ে অভিযুক্ত চিকিৎসককে ১৪ ডিসেম্বরের মধ্যে আদালতে হাজির হওয়ার সমন জারি করেছেন। গত ২৬ সেপ্টেম্বর আবদুস সাত্তারের মা সখিনা বেগম (৭৭) নগরীর একটি বেসরকারি ক্লিনিকে মারা যান। অভিযুক্ত চিকিৎসক শামীম বক্স বর্তমানে ন্যাশনাল হাসপাতালে কর্মরত। মামলার এজাহারে বাদি অভিযোগ করেন, গত ১৪ সেপ্টেম্বর তার মা সখিনা বেগমকে চিকিৎসার জন্য ডা. শামীম বক্সের কাছে নিয়ে যান। চিকিৎসক বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর ব্যবস্থাপত্র দেন। তবে চিকিৎসক পরীক্ষার রির্পোটের ভিত্তিতে প্রকৃত ওষুধ না দিয়ে ভিন্ন ওষুধ দেন। এতে সখিনা বেগম অসুস্থ হয়ে পড়েন এবং ২৬ সেপ্টেম্বর মারা যান। মামলায় বাদি ওই চিকিৎসকের বিরুদ্ধে ভুল চিকিৎসা ও অবহেলার অভিযোগ আনেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/এইচএ/২১০৭ ঘ.