২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযোদ্ধাদের চাকরির বয়সসীমা ২ বছর বাড়ল

চাকরি থেকে মুক্তিযোদ্ধাদের অবসরের বয়সসীমা দুই বছর বাড়িয়ে ৫৯ করা হয়েছে। সোমবার মন্ত্রিসভার ৪২তম বৈঠকে 'দি পাবলিক সার্ভেন্টস (অবসর) (সংশোধন) অ্যাক্ট ২০০৯ অনুমোদন করা হয়। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ এ কথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2009, 01:54 PM

Updated : 26 Aug 2022, 12:13 PM

ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাকরি থেকে মুক্তিযোদ্ধাদের অবসরের বয়সসীমা দুই বছর বাড়িয়ে ৫৯ করা হয়েছে। সোমবার মন্ত্রিসভার ৪২তম বৈঠকে 'দি পাবলিক সার্ভেন্টস (অবসর) (সংশোধন) অ্যাক্ট ২০০৯ অনুমোদন করা হয়। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ এ কথা জানান। তিনি বলেন, "মুক্তিযোদ্ধা কর্মকর্তা-কর্মচারীদের অবসরের বয়সসীমা ৫৭ থেকে ৫৯ করা হয়েছে। যারা এখন অবসর প্রস্তুতিকালীন ছুটিতে (এলপিআর) আছেন তারাও এই সুবিধা পাবেন।" প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন। এছাড়া বৈঠকে গ্যাস আইন ২০০৯, পোস্ট অফিস (সংশোধন) আইন ২০০৯, বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন ২০০৯- এর চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। পোস্ট অফিস (সংশোধন) আইন সম্পর্কে আবুল কালাম আজাদ জানান, এই আইনে ডাক বিভাগের পাশাপাশি লাইসেন্সপ্রাপ্ত কুরিয়ার সার্ভিসও চিঠি-পত্র আদান প্রদান করতে পারবে। এই আইনে জরিমানা পঞ্চাশ টাকার পরিবর্তে ৫০ হাজার টাকা এবং পাঁচশ টাকার পরিবর্তে দুই লাখ টাকা করা হয়েছে। বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন সম্পর্কে তিনি জানান, আইনটি ২০০৮ সালে অধ্যাদেশ হিসাবে জারি করা হয়েছিল। তবে নবম জাতীয় সংসদের প্রথম অধিবেশনে অধ্যাদেশটি উত্থাপিত না হওয়ায় তা বাতিল হয়ে যায়। পরে মন্ত্রিসভার বৈঠকে সংশোধিত আকারে তা উপস্থাপিত হয়। বৈঠকে বেসরকারি বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন ২০০৯ এর নীতিগত আনুমোদন দেওয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/আরএ/এএল/এইচএ/১৯৪৭ ঘ.