পাবনা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনায় সুচিত্রা সেন চলচ্চিত্র উৎসব শুক্রবার (২৩ অক্টোবর) শুরু হবে। পাবনা টাউন হল মাঠে এই উৎসব চলবে ৩০ অক্টোবর পর্যন্ত।
রোববার সন্ধ্যায় পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উৎসব প্রস্তুতি সভায় এ তথ্য জানানো হয়।
সভায় পাবনা জেলা প্রশাসক এএফএম মনজুর কাদিরকে চেয়ারম্যান এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব এম সাইদুল হক চুন্নুকে সদস্য সচিব করে ২০১ সদস্যের উৎসব প্রস্তুতি কমিটি গঠন করা হয়।
এ ছাড়া সর্বস্তরের প্রধিনিধি নিয়ে বিভিন্ন উপ-কমিটিও গঠন করা হয়।
সভায় জানানো হয়, উৎসবে চলচ্চিত্র অভিনেত্রী সাংসদ সারাহ বেগম কবরী, চলচ্চিত্র পরিচালক সুভাষ দত্ত এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী যাকের অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
এ ছাড়া প্রতিদিন সুচিত্রা সেনের ছবি প্রদর্শনসহ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে।
জেলা প্রশাসক এএফএম মনজুর কাদিরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জাকির হোসেন, রেজাউল রহিম লাল, আব্দুল হামিদ মাষ্টার, আব্দুল মতীন খান, আজিজুল হক প্রমুখ।
সভা শেষে উৎসব প্রস্তুতি কমিটির সদস্য সচিব এম সাইদুল হক চুন্নু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "উৎসবে সুচিত্রা সেন অভিনীত ৪৯টি ছবি প্রদর্শন করা হবে।"
পাবনায় জন্ম নেওয়া এই শিল্পীর প্রতি সম্মান জানাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৮৩৫ ঘ.
bdnews24