ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পার্বত্য শান্তিচুক্তির বৈধতা নিয়ে করা রিট আবেদনে পরামর্শের জন্য দুইজন আদালত বন্ধু নিয়োগ করা হয়েছে।
দুই আইনজীবী হলেন- বিচারপতি টি এইচ খান এবং ব্যারিস্টার রোকন উদ্দীন মাহমুদ।
সোমবার বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী হাইকোর্ট বেঞ্চ তাদের নিয়োগ দেয়। আগামী ২২ অক্টোবর রিট আবেদনের চূড়ান্ত শুনানি হবে।
পার্বত্য চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদনের শুনানির জন্য আগামী ২২ অক্টোবর তারিখ ধার্য করে।
৯ আগস্ট সেনা প্রত্যাহারে নিষেধাজ্ঞা চেয়ে দুটি আবেদন করেন অ্যাডভোকেট তাজুল ইসলাম ও পার্বত্য এলাকায় বসবাসরত বদিউজ্জামান নামে একজন বসতি স্থাপনকারী।
১৯৯৭ সালে স্বাক্ষরিত পার্বত্য শান্তি চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে এর আগে তারা দুটি রিট আবেদনও করেন।
সেনা প্রত্যাহার হলে ওই রিট আবেদন দুটি অকার্যকর হয়ে পড়বে- এ ভাবনা থেকে সেনা প্রত্যাহারে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন তারা।
তাজুল ও বদিউজ্জমানের আবেদনে গত ১৬ আগস্ট হাইকোর্ট সেনা ক্যাম্প প্রত্যাহার কয়েকদিনের জন্য স্থগিত রাখার আদেশ দিয়েছিলো। ১৯ আগস্ট সেই আদেশ প্রত্যাহার করা হয়।
আদালতের আদেশে বলা হয়, সেনা প্রত্যাহারে নিষেধাজ্ঞার আবেদনে হঠাৎ বলা হলেও তা হঠাৎ নয়। সরকারের দেওয়া জবাবে স্পষ্ট যে কৌশলগত কারণে গত নয় বছর ধরে যে প্রক্রিয়ায় সেনা মোতায়েন ও প্রত্যাহারের প্রক্রিয়া চলছিল তার ধারাাহিকতায় এটা করা হয়েছে।
আদালত বলে, সরকার বিভিন্ন পর্যায়ে পার্বত্য চট্টগ্রাম থেকে ২০০টি সেনা ক্যাম্প প্রত্যাহার করেছে। ২০০৪ সালে ৬৩টি এবং ২০০৭ সালে ৪৮টি ক্যাম্প প্রত্যাহার করা হয়। তারই ধারাবাহিকতায় ৩৫টি ক্যাম্প প্রত্যাহারের সিদ্ধান্ত হচ্ছে। এরপরও ৩০০টি ক্যাম্প এবং ছয়টি স্থায়ী সেনানিবাস সেখানে থাকবে।
শান্তি চুক্তির পর ১৯৯৮ সালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ আইন (রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি) এবং পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ আইন করা হয়।
এ আইনসহ পার্বত্য চুক্তির বৈধতা নিয়ে করা রিট আবদন দুটি গ্রহণ করে আদালত ২০০০ এবং ২০০৭ সালে সরকারের প্রতি রুল জারি করেছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/কিউএইচ/জিএনএ/১৩১৩ ঘ.
bdnews24