ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে আসন্ন শীত মৌসুমকে কাজে লাগাতে সচিবদের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার সচিবালয়ে সচিব সভায় প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন বলে মন্ত্রিপরিষদ সচিব আব্দুল আজিজ সাংবাদিকদের জানিয়েছেন।
মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত বর্তমান সরকারের আমলে দ্বিতীয় এ সচিব সভায় প্রধানমন্ত্রী সকল প্রকার ভয়ভীতি ও প্রলোভনের ঊর্ধ্বে উঠে কাজ করার জন্য সচিবদের প্রতি আহ্বান জানান।
সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব জানান, শীত মৌসুমের মধ্যে রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট নির্মাণসহ বহিরাঙ্গনের উন্নয়নমূলক কাজ শেষ করতে বলেছেন প্রধানমন্ত্রী। কারণ, এ সময়ে প্রকৃতি কাজের অনুকূলে থাকে। তাই এ সময়ের মধ্যেই কাজ শেষ করতে হবে।
সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে কাজের গতিও বাড়াতেও নির্দেশ প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিশাল আকারের এ এডিপি বাস্তবায়নে সকলকে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে।
রোববারের সচিব সভায় ৪০জন সচিব উপস্থিত ছিলেন। এর মধ্যে বক্তব্য রাখেন ১৬জন। এ সময় প্রধানমন্ত্রীর প্রশাসনবিষয়ক উপদেষ্টা এইচটি ইমাম, মন্ত্রিপরিষদ সচিব আব্দুল আজিজ ও মুখ্য সচিব আব্দুল করিম উপস্থিত ছিলেন।
এর আগে বর্তমান সরকারের আমলে প্রথম সচিব সভা হয় গত ১১ জানুয়ারি।
রোববারের সভার বিষয়বস্তু সম্পর্কে মন্ত্রিপরিষদ সচিব আব্দুল আজিজ সাংবাদিকদের জানান, সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনা দেন। এতে বিগত সচিব সভার সিদ্ধান্তগুলো পর্যালোচনা করে তা বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।
এসময় সচিবরাও এসব বাস্তবায়নের বিভিন্ন জটিলতা তুলে ধরেন বলে জানান আব্দুল আজিজ।
তিনি আরও জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী বোরো মৌসুমে সার, বীজ এবং সেচের জন্য বিদ্যুৎ ও ডিজেল সরবরাহ নিশ্চিত করতে সমন্বয়ের মাধ্যমে কাজ করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের প্রতি নির্দেশ দিয়েছেন।
সভায় ৬৮১ জন কর্মকর্তার পদোন্নতি এবং পে- স্কেল ঘোষণার প্রস্তুতি চূড়ান্ত করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান কর্মকর্তারা।
তারা জানান, ইতোমধ্যেই বেশ কিছু কর্মকর্তার পদোন্নতি দেওয়া হলেও এখনো কিছুসংখ্যক সংক্ষুব্ধ কর্মকর্তা রয়েছেন। তাদের বিষয়েও সরকারকে সিদ্ধান্ত নিতে হবে।
প্রধানমন্ত্রী তাদের বক্তব্য শোনেন এবং এ ব্যাপারে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়ার জন্য মন্ত্রিপরিষদ সচিব ও সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) প্রধানের প্রতি নির্দেশ দেন।
সভায় মন্ত্রিপরিষদ সচিব আব্দুল আজিজ জানান, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর এখন পর্যন্ত ২০৪ সদ্ধান্ত নিয়েছে। র মধ্যে ইতোমধ্যে বাস্তবায়ন হয়েছে একশ' ২৮টি। বাস্তবায়নের হার ৬৩ শতাংশ।
এ ছাড়া মন্ত্রিসভায় এ পর্যন্ত ৭৪টি আইনের খসড়া অনুমোদন করা হয়েছে। এর মধ্যে সংসদে পাস হয়েছে ৬৩টি। সাতটি বর্তমানে রীক্ষা-নিরীক্ষার জন্য সংসদীয় স্থায়ী কমিটিতে রয়েছে। বাকী চারটি সংসদে উপস্থাপনের জন্য প্রক্রিয়াধীন রয়েছে।
সভায় প্রধানমন্ত্রী আগামী দিনের কর্মপরিকল্পনা চূড়ান্ত করতে একটি পাঁচশালা পরিকল্পনা প্রণয়নে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। গত ২০০৫ সালের পর দেশে আর কোন পাঁচশালা পরিকল্পনা প্রণয়ন করা হয়নি।
সভায় সচিবদের মধ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, বাণিজ্য সচিব, শিল্প সচিব, আইন সচিব, অর্থ সচিব, মহিলা ও শিশুবিষয়ক সচিব, সংস্থাপন সচিব, স্বাস্থ্য সচিব, তথ্য সচিব, শ্রম সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান, খাদ্য সচিব, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব, বস্ত্র সচিব, পরিবেশ ও বন সচিব এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসএইচ/১৯৪১ ঘ.
bdnews24