ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহ, গাজীপুর ও মৌলভীবাজারে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে।
এর মধ্যে বোরবার সকালে ঝিনাইদহ সদর উপজেলায় উদ্ধার করা হয় এক যুবকের জবাই করা লাশ। গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া মিশন এলাকা থেকে উদ্ধার করা হয় গুলিবিদ্ধ যুবকের লাশ।
শনিবার রাতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পাত্রখলা চা বাগানের কেছাছড়া (পাহাড়ি ছড়া) থেকে এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর:
ঝিনাইদহ: সদর উপজেলার করিমপুর গ্রাম থেকে রোববার সকালে উদ্ধার করা হয় আলমগীর হোসেনের (২৫) লাশ। তিনি গ্রামের আফসার উদ্দিনের ছেলে।
ঝিনাইদহ সদর থানার ওসি মতিয়ার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শৈলকুপা উপজেলার পিড়াগাতি গ্রামে কালীপূজা দেখতে যাওয়ার জন্য আলমগীর বাড়ি থেকে বের হন। এরপর রাতে আর বাড়িতে ফেরেননি।
তিনি বলেন, "সকালে বাড়ির পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।"
সন্ত্রাসীরা অন্য কোথাও তাকে হত্যা করে বাড়ির পাশে ফেলে রেখে গেছে বলে পুলিশ ধারণা করছে। সামাজিক দলাদলির জের ধরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ওসি জানিয়েছেন।
গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া মিশন এলাকার মাদার তেরেসা সড়কের পাশ থেকে রোববার সকাল ৮টার দিকে উদ্ধার করা ব্যক্তির পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৩৬ বছর।
নিহত ব্যক্তির দু'হাত রশি দিয়ে পেছনে দিকে এবং চোখ-মুখ গামছা দিয়ে বাঁধা ছিল। তার পরনে কালো প্যান্টস, সাদা রঙের শার্ট এবং পায়ে ক্যাডস (জুতা) ছিল বলে কালীগঞ্জ থানার ওসি আব্দুল আউয়াল জানান।
তিনি জানান, নিহতের পিঠে চার রাউন্ড গুলির ক্ষত চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা অন্য কোথাও তাকে হত্যা করে মাদার তেরেসা সড়কের পাশে ফেলে গেছে।
মৌলভীবাজার: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পাত্রখলা চা বাগানের কেছাছড়া থেকে শনিবার রাতে উদ্ধার করা হয় লিবিসন ম্লানের (১৭) লাশ। লিবিসন পাত্রখলা চা বাগানের গারোটিলা হাজারীবাগ এলাকার নিবিন চাম্বো গংগ-এর ছেলে।
কমলগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত বৃহস্পতিবার লিবিসন বাড়ি থেকে বের হয়। এরপর থেকে সে নিখোঁজ ছিল।
তিনি বলেন, "তার শরীরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। কীভাবে লিবিসনের মৃত্যু হয়েছে ময়না তদন্তের পর তা জানা যাবে।"
নিহতের পরিবারের পক্ষ থেকে এ ব্যাপারে মামলা করার প্রস্তুতি চলছে বলে এসআই সাইফুল জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমএসবি/১৭০২ ঘ.
bdnews24