২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশাসনে পদোন্নতি কেন অবৈধ নয়, জানতে চেয়েছে আদালত

অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিব পর্যায়ের ২২৩ সরকারি কর্মকর্তার পদোন্নতি কেন অবৈধ হবে না, তা জানতে চেয়েছে আদালত। এ জন্য সময় দেওয়া হয়েছে চার সপ্তাহ। একটি রিট আবেদনে হাইকোর্টে রোববার এ আদেশ দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2009, 09:57 AM

Updated : 26 Aug 2022, 12:13 PM

ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিব পর্যায়ের ২২৩ সরকারি কর্মকর্তার পদোন্নতি কেন অবৈধ হবে না, তা জানতে চেয়েছে আদালত। এ জন্য সময় দেওয়া হয়েছে চার সপ্তাহ। একটি রিট আবেদনে হাইকোর্টে রোববার এ আদেশ দেয়। বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর বেঞ্চে রোববার সকালে রিট আবেদনটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী কামরুল হক সিদ্দিকী। সংস্থাপন সচিব, মন্ত্রিপরিষদ সচিব ও পদোন্নতি পাওয়া ২২৩ জনকে এতে বিবাদি করে করা ওই আবেদনে পদোন্নতি অবৈধ ঘোষণা এবং তা স্থগিত রাখার আবেদন করা হয়। গত ৭ সেপ্টেম্বর সরকার ৬০ অতিরিক্ত সচিব ও ১৬৩ জনকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দেয়। আদালতে শুনানিতে কামরুল হক বলেন, এ পদোন্নতিতে সরকারি নিয়োগে সমান সুযোগের সাংবিধানিক বিধান ভঙ্গ করা হয়েছে। "গণপ্রশাসনে অযোগ্য লোক নিয়োগ দিলে জনসাধারণ উপযুক্ত সেবা থেকে বঞ্চিত হবে", বলেন তিনি। শুনানি শেষে আদালত রুল দেন এবং চার সপ্তাহের মধ্যে তার জবাব দিতে সংস্থাপন সচিব, মন্ত্রিপরিষদ সচিব এবং পদোন্নতি পাওয়া ২২৩ জনকে নির্দেশ দেন। শুনানিতে সরকার পক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এন কে রহমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/এমআই/১৫৫০ ঘ.