চট্টগ্রাম, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধকালীন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী প্রবাল চৌধুরীকে শনিবার বিকেলে নগরীর অভয়মিত্র মহাশশ্মানে দাহ করা হয়েছে।
এ সময় চোখের জলে তাকে বিদায় জানান তারই সহকর্মী শিল্পী, কলাকুশলীসহ চট্টগ্রামের নানা শ্রেণী ও পেশার মানুষ।
শনিবার ভোররাতে চট্টগ্রামের একটি হাসপাতালে তার মৃত্যু হয়। শিল্পীর বয়স হয়েছিল ৬৩ বছর। (আরও তথ্যসহ)
প্রবালের মৃত্যুতে বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া গভীর শোক প্রকাশ করেছেন। শনিবার এক বিবৃতিতে তিনি বলেন, "শিল্পী প্রবাল চৌধুরীর মৃত্যুতে আমাদের সঙ্গীত জগতের অপূরণীয় ক্ষতি হলো।"
গত বুধবার রাতে বাংলাদেশ টেলিভিশনের চট্টগ্রাম কেন্দ্রে একটি গানের রেকর্ডিংয়ের সময় মস্তিষ্কের রক্তক্ষরণজণিত সমস্যায় আক্রান্ত হন প্রবাল চৌধুরী। ওই দিনই তাকে নগরীর মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই শনিবার ভোরে তিনি মারা যান।
দুপুর ১২ টায় শিল্পীর মরদেহ প্রথমে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে শ্রদ্ধা জানানোর জন্য নিয়ে আসা হয়। সেখানে চট্টগ্রামের বুদ্ধিজীবী, শিক্ষক, লেখক, সাংবাদিক, শিল্পীসহ সর্বস্তরের জনগণ শিল্পীর প্রতি শ্রদ্ধা জানান। পরে তার মরদেহ শেষবারের মতো দেওয়ানজী পুকুর লেইনের বাসভবনে নিয়ে যাওয়া হয়।
বিকেল তিনটার দিকে অভয়মিত্র মহাশ্মশানে মুক্তিযুদ্ধের এ কণ্ঠ সৈনিককে শ্রদ্ধা জানান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী। সেখানে রাষ্ট্রীয় মর্যাদায় শিল্পীকে শেষ বিদায় জানানো হয়।
প্রবাল চৌধুরীর জন্ম ১৯৪৭ সালে, চট্টগ্রামের রাউজান উপজেলার বিনাজুরী গ্রামে। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন।
একাত্তরের মুক্তিযুদ্ধের সময় গঠিত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের এ শিল্পী বাংলাদেশ টেলিভিশনের বিভিন্ন অনুষ্ঠান ও বিভিন্ন চলচ্চিত্রে গান গেয়েছেন। তিনি চট্টগ্রামসহ সারা দেশে আধুনিক গানের একজন গুণী শিল্পী হিসেবে পরিচিত ছিলেন। কণ্ঠ দেওয়ার পাশাপাশি সঙ্গীত পরিচালনাও করতেন তিনি।
দীর্ঘ ৪০ বছরের সংগীত জীবনে গান পরিবেশনের পাশাপাশি তিনি ছিলেন কখনো সংগীত পরিচালক আবার কখনো বা সুরকার। তিনি ১৯৭৪ সালে প্রথম চলচ্চিত্রে গান করেন 'বাদশা' ছবিতে।
তাঁর উল্লে
bdnews24