বাগেরহাট, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সরকারের প্রস্তাবিত শিক্ষানীতির বিরুদ্ধে গণস্বাক্ষর সংগ্রহের ফরমসহ বাগেরহাট সদর উপজেলার দেপাড়া বাজার থেকে বৃহস্পতিবার রাতে দুই সহোদরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) এর সদস্য সন্দেহে এলাকার লোকজন তাদের আটক করে থানায় খবর দেয়। ঘটনাস্থলে গেলে তারা পুলিশকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- বাগেরহাটের চিতলমারী উপজেলার চর কচুড়িয়া গ্রামের প্রয়াত আব্দুর রশিদ মল্লিকের ছেলে মল্লিক মুজাহিদুল ইসলাম (২৫) ও মল্লিক সাইদুল ইসলাম (১৯)।
তারা নিজেদের ইসলামী ছাত্র শিবিরের সদস্য বলে দাবি করেছেন।
বাগেরহাট সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হক দুই সহোদরের বিরুদ্ধে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ এনে সদর থানায় একটি মামলা করেছেন।
সদর থানার ওসি সাহিদুল ইসলাম শাহীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার রাতে বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের দেপাড়া বাজার এলাকায় সাইদুল ও মুজাহিদুল বর্তমান সরকারে প্রস্তাবিত শিক্ষানীতির বিরুদ্ধে প্রায় দু'শ মানুষের স্বাক্ষর সংগ্রহ করেন।
এ ছাড়া তারা ২০০৬ সালে ২৮ অক্টোবরের লগি-বৈঠা মিছিল নিয়ে জনগণের মধ্যে অপপ্রচার চালাচ্ছিলেন।
ওসি জানান, ঘটনাস্থল থেকে তাদের থানায় আনতে সাইদুল ও মুজাহিদুল উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হক ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) এনায়েত হোসেনকে ধাক্কা দিয়ে পালানোর চেষ্টা করেন।
তিনি জানান, তাদের কাছ থেকে শিক্ষানীতির বিরুদ্ধে গণস্বাক্ষর সংগ্রহ করা বেশকিছু ফরম ও লগি-বৈঠার মিছিল নিয়ে কিছু বই উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে সাইদুল বাগেরহাটের সরকারি পিসি কলেজে রাষ্ট্রবিজ্ঞান প্রথমবর্ষের ছাত্র। তিনি সদর উপজেলার দেপাড়া বাজারের একটি পরিত্যক্ত মসজিদে থাকেন।
মুজাহিদ বাগেরহাটের কচুয়া উপজেলার কামারগাতি গ্রামের মৌলভী আলী আকবরের বাড়িতে থেকে পদ্মা ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানিতে চাকরি করেন।
দুজনকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯১১ ঘ.
bdnews24