২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিপ ইয়ার্ডের বিষাক্ত পরিবেশেই ঝুঁকিপূর্ণ কাজ

তীব্র আলো আর লৌহকণাময় বিষাক্ত পরিবেশ। জাহাজ ভাঙা বিশাল সব লোহার পাত। হাতের মুঠোয় জীবন নিয়ে কাটছে অভাবী কিশোর। কোনও প্রশিক্ষণ বা আধুনিক যন্ত্রপাতি ছাড়াই। সুবিশাল সাগরপাড়ের সীতাকুণ্ডে গত এক সপ্তাহে এ শিল্পের বলি হয়েছে সাত শ্রমিক। চট্টগ্রাম থেকে মিন্টু চৌধুরী জানাচ্ছেন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2009, 11:56 AM

Updated : 26 Aug 2022, 12:12 PM

মিন্টু চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক চট্টগ্রাম, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৫ বছর বয়সী পারভেজ হাতের মুঠোয় জীবন নিয়ে গ্যাস কাটার (অক্সি এসিটিলিন শিখা) দিয়ে কাটছিল ২০০ টনের একটি বিশাল লোহার পাত। তার চেয়ে সাত বছরের বড়ো মনির তাকে সাহায্য করছিল। তাদের দু'জনের কাটা ৬০০ কেজি ওজনের লোহার টুকরো ট্রাকে তুলছিল তাদের বয়সী আরও ২০ জন। আস্ত জাহাজ ও লোহা কাটার কর্কশ শব্দ, গ্যাস কাটিং মেশিনের তীব্র আলোর বিচ্ছুরণ, বাতাসে লৌহকণাসহ ধূলি-বালিময় এক বিষাক্ত পরিবেশ। এরই মধ্যে উন্মুক্ত স্থানে কোনও ধরনের নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই চলছে জাহাজ ভাঙা শিল্প শ্রমিকদের কাজ। বৃহস্পতিবার দুপুরে সীতাকুণ্ড উপকূলবর্তী কদম রসুল এলাকার শিপ ব্রেকিং ইয়ার্ডে গিয়ে এ দৃশ্য চোখে পড়ে। এমন ঝুঁকিপূর্ণ কাজ করতে গিয়ে হরহামেশাই ইয়ার্ডগুলোতে ঘটছে ভয়াবহ দুর্ঘটনা এবং তাতে প্রাণ হারাচ্ছে সাধারণ শ্রমিক-মজুর। গত এক সপ্তাহে মারা গেছে সাতজন। ৮ অক্টোবর সীতাকুণ্ডের শীতলপুরের ক্রিস্টাল শিপ ইয়ার্ডে লোহার ভারি পাত চাপা পড়ে মারা যান তিন শ্রমিক। এ ছাড়া ১৩ অক্টোবর কুমিল্লা আলেকদিয়া এলাকার পাকিজা শিপ ইয়ার্ডে গ্যাস বিস্ফোরণ ও বিষক্রিয়ায় তিনজন এবং ১৪ অক্টোবর রসুলপুর এলাকার ইয়াসিন খানের মালিকানাধীন হাবিব স্টিল ইয়ার্ডে জাহাজ কাটা লোহার পাত চাপা পড়ে মারা যান এক শ্রমিক। সীতাকুণ্ডের ফৌজদারহাট থেকে কুমিরা পর্যন্ত ১২ কিলোমিটার উপকূলীয় এলাকাজুড়ে ৮৭টি শিপ ব্রেকিং ইয়ার্ডের বেশিরভাগেই সনাতন পদ্ধতিতে কাটা হচ্ছে স্ক্যাপ জাহাজ। সেখানকার শিপ ইয়ার্ডগুলোতে প্রায় ৩০ হাজার শ্রমিক-কর্মচারি রয়েছে। তাদের একটি বড়ো অংশ কিশোর। শ্রমিকরা জানায়, জীবনের তাগিদেই তারা জাহাজ ভাঙার কাজের সঙ্গে যুক্ত হয়েছে। কোনও ধরনের প্রশিক্ষণ বা আধুনিক যন্ত্রপাতি ছাড়াই তাদের এ কাজ করতে হচ্ছে। অতিরিক্ত মুনাফার আশায় মালিকরা স্ক্র্যাপ জাহাজ পরিবেশবান্ধব ও পরিচ্ছন্ন না করেই ইয়ার্ডে এনে সনাতন পদ্ধতিতে কাটছে বলেও অভিযোগ করেন তারা। বেসরকারি উন্নয়ন সংস্থা ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশনের (ইপসা) হিসাব অনুযায়ী, গত সাড়ে নয় মাসে সীতাকুণ্ডের ইয়ার্ডগুলোতে কাজ করতে গিয়ে প্রাণ হারিয়েছে ১৬ জন শ্রমিক। আফরিন শিপ ইয়ার্ডের কর্মচারি কিশোর পারভেজ জানায়, দুই বছর আগে পেটের দায়ে সে নোয়াখালী থেকে সীতাকুণ্ডে এসে জাহাজ কাটার কাজের সঙ্গে যুক্ত হয়। তার অভিযোগ, ঠিকাদারের সঙ্গে চুক্তি অনুযায়ী কাজ করলেই বেতন পাওয়া যায়। কাজ না করলে বেতন মেলে না। আর এ অবস্থা সীতাকুণ্ড এলাকার শিপ ব্রেকিং ইয়ার্ডে কর্মরত সকল শ্রমিকের। দৈনিক কাজের ভিত্তিতে বেতন দেওয়া হয় তাদের। ফয়জুন শিপ ইয়ার্ডে কর্মরত এক শ্রমিক নাম প্রকাশ না করার শর্তে জানান, বড় আকৃতির ভারি লোহার পাত, গ্যাস সিলিন্ডার ও বয়লার কাটার সময় বেশিরভাগ বিস্ফোরণ ও দুর্ঘটনার শিকার হয় শ্রমিকরা। এছাড়া স্ক্র্যাপ জাহাজে কাজ করার সময় তরল বর্জ্যে পা পিছলে গিয়ে হাত-পা ভেঙে অনেকে পঙ্গু হয়ে পড়েন। এর জন্য খুব সামান্যই ক্ষতিপূরণ মেলে। অনেকটা নিঃস্ব অবস্থায়ই তখন বাড়ি ফিরতে হয়। প্রাথমিক পর্যায়ে কোনও প্রকার সাধারণ প্রশিক্ষণের ব্যবস্থা না থাকায় জাহাজ কাটার কাজে গিয়ে নবাগত শ্রমিকরা নানা প্রকার দুর্ঘটনার শিকার হয় বলেও অভিযোগ করেন তিনি। জাহাজ ভাঙা শ্রমিকদের নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশনের ( ইপসা)। তাদের হিসাব অনুযায়ী, ১৯৮২ সাল থেকে গত ২৭ বছরে সীতাকুণ্ডের শিপ ইয়ার্ডগুলোতে কাজ করতে গিয়ে প্রায় চারশ' শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময়ে আহত হয়েছে ছয় হাজারের বেশি। এই শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট বেশিরভাগই উত্তরাঞ্চলের মঙ্গাপীড়িত এলাকার মানুষ। তাছাড়া সীতাকুণ্ড ও সন্দ্বীপসহ চট্টগ্রামের বিভিন্ন উপকূলীয় এলাকার লোকজনও শিপ ইয়ার্ডগুলোতে কাজ করছে। ইপসার প্রোগ্রাম অফিসার মোহাম্মদ আলী শাহীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শিপ ইয়ার্ড মালিকরা শ্রমিকদের নিরাপত্তার ব্যবস্থা না করেই জাহাজ কাটার মতো যে ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহার করছে, সেটি অত্যন্ত অমানবিক ও অগ্রহণযোগ্য। এ ছাড়া প্রাণহানিসহ কোনো প্রকার দুর্ঘটনা ঘটলে হতভাগ্য শ্রমিকরা অনেক ক্ষেত্রে উপযুক্ত ক্ষতিপূরণ ও চিকিৎসা সেবা পায় না বলেও জানান তিনি। আলী শাহীন এ ব্যাপারে জাহাজ ভাঙা শিল্পের মালিক-শ্রমিকদের জন্য একটি সুর্নিদিষ্ট বিধিমালা প্রণয়ন এবং তা অনুসরণের আইনি বাধ্যবাধকতা সৃষ্টির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। একই সঙ্গে শ্রমিক স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে শ্রমিকদের ট্রেড ইউনিয়ন অধিকার প্রতিষ্ঠারও দাবি জানান তিনি। শিপ ব্রেকিং এসোসিয়েশনের সভাপতি জাফর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শ্রমিকদের সচেতন করতে দুই বছর আগে জাতিসংঘ উন্নয়ন সংস্থার (ইউএনডিপি) সহযোগিতায় একটি প্রকল্প হাতে নেওয়া হয়। তবে ওই প্রকল্পের মেয়াদ শেষ হয়ে গেছে।" দুর্ঘটনার জন্য শ্রমিকদের অদক্ষতাকে দায়ী করে তিনি বলেন, "এখানে অনেক শ্রমিকই স্থায়ী নয়। এ জন্য অনাকাক্সিক্ষত ঘটনাগুলো ঘটে। দেখা যায়, ছয় মাস থেকে এক বছর আগে তারা কাজে যোগ দিয়েছিল।" সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসের হিসাব মতে, ১৯৮২ সাল থেকে এ পর্যন্ত ফৌজদারহাট থেকে কুমিরা উপকূলীয় এলাকায় একশ' ১৯ টি শিপ ব্রেকিং ইয়ার্ড স্থাপিত হয়েছে। এর মধ্যে এ বছর ৮৭ টি প্রতিষ্ঠান লাইসেন্স নবায়ন করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রউফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ৮৭ টি ইয়ার্ড লাইসেন্স পুনঃনবায়ন করলেও বর্তমানে ৪৫ থেকে ৫০ টি ইয়ার্ডে জাহাজ ভাঙার কাজ হচ্ছে। এ ছাড়া নতুন করে কিছু ইয়ার্ড তৈরির অনুমতির আবেদন এসেছে বলেও তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এফআই/এফএফ/এসএইচ/১৭৩৯ ঘ.