ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--বিচারব্যবস্থা সঠিকভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী শফিক আহমেদ।
বৃহস্পতিবার সচিবালয়ে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে তিনি বলেন, "মামলা দায়েরের ক্ষেত্রে আইনের সঠিক প্রয়োগ না হলে বিচার বিভাগের ওপর দোষ দিয়ে লাভ নেই। আমাদের বিচারব্যবস্থা সঠিকভাবে কাজ করছে।"
এর আগে বুধবার দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান গোলাম রহমান বর্তমান বিচারব্যবস্থার কারণে দেশ থেকে দুর্নীতি দমন করা সম্ভব নয় মন্তব্য করেন।
চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর তিন মাসের মাথায় দুদককে ক্রমেই ক্ষমতাহীন করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
এরই জবাবে আইনমন্ত্রী বৃহস্পতিবার বলেন, "বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় দুর্নীতি দমন কমিশন (দুদক) আইন ভঙ্গ করে নিজেদের স্বার্থে নানা মামলা করেছে।
"আইনের সঠিক প্রয়োগ না হওয়ায় দুদকের মামলার দুর্বলতা দেখা দিয়েছে। দুদককে শক্তিশালী করতে বর্তমান সরকার আন্তরিক।"
আইনের বিধান অনুসরণ না করে মামলা দায়ের করায় উচ্চ আদালতে মামলাগুলো স্থগিত হয়ে যাচ্ছে বলে জানিয়ে শফিক আহমেদ বলেন, "তত্ত্বাবধায়ক সরকারের সময় দুদক রাজনৈতিক নেতাদের হয়রানির জন্য যে মামলাগুলো করেছে, সেগুলো উচ্চ আদালতে স্থগিত হয়ে যাচ্ছে।
"উচ্চ আদালত আইনের ভিত্তিতে বিচার করে।"
এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, "আইনের সঠিক প্রয়োগ না হওয়াতে দুদকের মামলার দুর্বলতাগুলো দেখা দিয়েছে। আইনের বাইরে মামলা মোকদ্দমা হলে উচ্চ আদালত ইন্টারফেয়ার করবে।"
আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে ঢাকার জাতীয় ঈদগাহ মাঠের উন্নয়নসংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভায় আরও উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী মো. শাহজাহান মিয়া, আইন প্রতিমন্ত্রী মো. কামরুল ইসলাম, আইনসচিব কাজী হাবিবুল আউয়াল, সুপ্রীম কোর্ট, গণপূর্ত বিভাগ, ঢাকা সিটি কর্পোরেশন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিরা।
ঢাকার জাতীয় ঈদগাহ মাঠে বৃষ্টির সময় যাতে পানি জমে না থাকে সেজন্য বৈঠকে পানি নিষ্কাশন ব্যবস্থা রাখার সিদ্ধান্ত হয়।
আসন্ন ঈদুল আযহার আগেই এ সকল সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য গণপূর্ত বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে বলে মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসএইচ/২২৪৯ ঘ.
bdnews24