২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'স্ফটিকের মতো স্বচ্ছ পদোন্নতি নীতিমালা হবে'

প্রশাসনকে গতিশীল ও জবাবদিহিমূলক করতে সরকার 'স্ফটিকের মতো স্বচ্ছ পদোন্নতি' নীতিমালা প্রণয়ন করতে যাচ্ছে বলে জানিয়েছেন সংস্থাপন সচিব ইকবাল মাহমুদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2009, 02:19 PM

Updated : 26 Aug 2022, 12:12 PM

ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--প্রশাসনকে গতিশীল ও জবাবদিহিমূলক করতে সরকার 'স্ফটিকের মতো স্বচ্ছ পদোন্নতি' নীতিমালা প্রণয়ন করতে যাচ্ছে বলে জানিয়েছেন সংস্থাপন সচিব ইকবাল মাহমুদ। সংস্থাপন মন্ত্রণালয়ের নাম পরিবর্তনের কাজও শেষ পর্যায়ে বলে জানান তিনি। বৃহস্পতিবার বিকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সচিব বলেন, "সরকার প্রশাসনে সংস্কারের উদ্যোগ নিয়েছে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের জন্যই। জবাবদিহিতামূলক প্রশাসন করতে একটি স্বচ্ছ পদোন্নতি নীতিমালা প্রণয়নের চেষ্টা করছি। এ নীতিমালা হবে স্ফটিকের মতো স্বচ্ছ। এতে পদোন্নতি নিয়ে আর কোনও প্রশ্নই উঠবে না।" সরকারি কর্মকর্তাদের কাজ জনগণের সেবা করা উল্লেখ করে তিনি জানান, ওই নীতিমালা অনুযায়ী যিনি ভালো কাজ করবেন, তিনি দ্রুত পদোন্নতি পাবেন। গত ৭ সেপ্টেম্বর মহাজোট সরকার শীর্ষ পর্যায়ের প্রায় পাঁচ শ' কর্মকর্তার পদোন্নতি দেয়। এরপর পদোন্নতি 'বঞ্চিত' অনেকে ক্ষোভ প্রকাশ করে। পদোন্নতি পাওয়া এ পাঁচশ' কর্মকর্তার পদায়ন সম্পন্ন হতে 'একটু সময় লাগবে' বলে বৃহস্পতিবার জানান সংস্থাপন সচিব। সংস্থাপন মন্ত্রণালয়ের আদেশে যুগ্ম-সচিব থেকে অতিরিক্ত সচিব পদে ৬০ জন, উপ-সচিব থেকে যুগ্ম-সচিব পদে ১৬৩ জন এবং সিনিয়র সহকারী সচিব থেকে উপ-সচিব পদে ২৭১ জনকে পদোন্নতি দেওয়া হয়। ওই তালিকায় জোট সরকারের আমলে 'পদোন্নতি বঞ্চিত' কর্মকর্তাদের বেশিরভাগ প্রাধিকার পেয়েছেন বলে সংশ্লিষ্টরা জানান। সংস্থাপন সচিব ইকবাল মাহমুদ দাবি করেন, পদোন্নতি 'অসন্তোষ' প্রশাসনে কোনও ধরনের অস্থিরতা নেই। গত পদোন্নতির ক্ষেত্রে এসএসবি'র নীতিমালাও পরিবর্তন হয় নি। নীতিমালা ভঙ্গ হয়েছে- এমন বিষয়ও তার জানা নেই বলে উল্লেখ করেন তিনি। বর্তমান সরকারের আমলে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওএসডি) অতীত রেকর্ড ভাঙেনি বলেও দাবি করে তিনি বলেন, "কর্মকর্তাদের পদোন্নতিতে স্বচ্ছতা রক্ষা করা হয়েছে। নীতিমালা মেনেই তাদের পদোন্নতি দেওয়া হয়েছে। কারও কারও পদোন্নতি না পাওয়ার কারণও নীতিমালার মধ্যে রয়েছে।" যারা পদোন্নতি পান নি, তাদের আবেদনের বিষয়টি পর্যালোচনা করা হবে বলে আশ্বাস দেন তিনি। সচিব বলেন, "হিউম্যান এর্র (মানবিক ভুল) হলে তা সংশোধন করা হবে। যারা পদোন্নতি পান নি, তারা এলে বিষয়টি দেখব। ইতোমধ্যে প্রায় দুইশ' আবেদন আমাদের কাছে এসেছে। তা পর্যালোচনা করে সুপিরিয়র সিলেকশন বোর্ডে (এসএসবি) তুলব।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসএইচ/২০১৭ ঘ.