২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় ক্লিনিক মালিক ও দালাল গ্রেপ্তার

পাবনা পুলিশ মানসিক হাসপাতালে বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে ছয় দালালকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ ও র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2009, 11:58 AM

Updated : 26 Aug 2022, 12:12 PM

পাবনা, ১৫ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাবনা পুলিশ মানসিক হাসপাতালে বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে ছয় দালালকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ ও র‌্যাব। গ্রেপ্তারকৃতদের মধ্যে পাবনা শহরের একটি বেসরকারি ক্লিনিকের মালিক ও ব্যবস্থাপক রয়েছেন। অভিযানে নেতৃত্ব দেন পাবনার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ইমাম উদ্দিন কবীর। তাকে সহায়তা করেন গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত পরিদর্শক আহসানুল কবির ও র‌্যাবের উপ-পরিদর্শক জিলকদ হোসেন। পুলিশ ও র‌্যাব কর্মকর্তারা জানান, একটি চক্র পাবনা মানসিক হাসপাতালের কিছু চিকিৎসকের সহায়তা মানসিক হাসপাতালে ভর্তির জন্য আসা রোগীদের ভাগিয়ে এনে বিভিন্ন ক্লিনিকে ভর্তি করে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছিল। দালাল চক্রের অপ তৎপরতা বন্ধের লক্ষ্যে তারা সেখানে অভিযান চালান। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমাম উদ্দিন জানান, পাবনা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান পান্নাকে রোগী সাজিয়ে মানসিক হাসপাতালে ভর্তি করাতে নিয়ে যান তারা। হাসপাতালে যাওয়ার পর তারা দালাল চক্র খপ্পরে পড়েন। দালালরা তাদের জানায়, মানসিক হাসপাতালের চেয়ে ক্লিনিকে ভাল চিকিৎসা হয় এবং রোগীকে ভাগিয়ে রুদ্র ক্লিনিক নামে একটি ক্লিনিকে নিয়ে যান তারা। রোগী ভর্তির জন্য দালালরা ২০ হাজার টাকা দাবি করেন। এ সময় তাদের গ্রেপ্তার করা হয়। অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ইমাম উদ্দিন কবীর জানান, গ্রেপ্তার করা ছয়জন হলেন- রুদ্র ক্লিনিকের মালিক মতিয়ার রহমান (৪৫), ব্যবস্থাপক ফকরুল হাসান (৪১), দালাল মুজিবুর রহমান (৪৫), বজলু মিয়া (৩৩), মজনু মিয়া (৪৪) ও ওমর আলী (৫০)। তাদের পাবনা সদর থানায় সোর্পদ করা হয়েছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৫৫১ ঘ.