২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন অফিসসূচি রোববার থেকে কার্যকর

যানজট নিরসনে রাজধানীর অফিসগুলোর নতুন সময়সূচি আগামী রোববার থেকে কার্যকর হবে। তবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নতুন সময়সূচি কার্যকর হবে ১ নভেম্বর থেকে। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্থাপন সচিব ইকবাল মাহমুদ নতুন সময়সূচি কার্যকরের বিষয় তুলে ধরেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2009, 09:59 AM

Updated : 26 Aug 2022, 12:12 PM

ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যানজট নিরসনে রাজধানীর অফিসগুলোর নতুন সময়সূচি আগামী রোববার থেকে কার্যকর হবে। তবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নতুন সময়সূচি কার্যকর হবে ১ নভেম্বর থেকে। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্থাপন সচিব ইকবাল মাহমুদ নতুন সময়সূচি কার্যকরের বিষয় তুলে ধরেন। গত সোমবার মন্ত্রিসভার বৈঠকে যানজট নিরসনে ঢাকা মহানগরীর সব সরকারি-বেসরকারি অফিস, বিধিবদ্ধ সংস্থা, আর্থিক প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নতুন সময়সূচি নির্ধারণ করা হয়। স্কুল শিক্ষার্থীদের সকালে ক্লাস করতে (ঘড়ির কাঁটা এগিয়ে থাকায়) অসুবিধা হবে কিনা জানতে চাইলে সংস্থাপন সচিব বলেন, "সরকার শিক্ষাসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে আলোচনা ও চিন্তা-ভাবনা করেই নতুন সময়সূচি নির্ধারণ করেছে।" নতুন সময়সূচিতে কারও কোনও সমস্যা বা অসুবিধা হবে না বলেও মন্তব্য করেন তিনি। সময়সূচি নির্ধারণের বিষয়ে ইকবাল মাহমুদ বলেন, "যানজট ঢাকাবাসীর অন্যতম একটি সমস্যা। তা নিরসনে সরকার কিছু পদক্ষেপ নিয়েছে। এরমধ্যে নতুন সময়সূচি রোববার থেকে কার্যকরের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে।" সময় পুনর্বিন্যাস করলেই যানজট পুরোপুরি নিরসন হবে তা বলা যাবে না-মন্তব্য করে সচিব বলেন, "সফল হতে হলে সবার সহযোগিতা লাগবে।" সংস্থাপন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন সময়সূচি অনুযায়ী-সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান চলবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান ও বেসরকারি প্রতিষ্ঠান চলবে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান ও কিন্ডারগার্টেন চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা ১৫ পর্যন্ত। মাধ্যমিক, উচ্চ-মাধ্যমিক ও ইংরেজি মাধ্যমের স্কুল সকাল ৭টা থেকে সাড়ে ৮টার মধ্যে শুরু করে ১টা থেকে আড়াইটার মধ্যে শেষ করতে হবে। গত কিছুদিন রাজধানীতে অফিস সময়ে অসহনীয় যানজট দেখা দেওয়ার পরই সরকার আলাদা সময়সূচি নির্ধারণের সিদ্ধান্ত নেয়। এদিকে দিনের আলোর ব্যবহার বাড়াতে গত ১৯ জুন রাত ১২টায় ঘড়ির কাঁটা একঘণ্টা এগিয়ে আনা হয়। তা এখনও কার্যকর রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/আরএ/এমআই/১৫৪৫ ঘ.