ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার কেরানীগঞ্জে বুধবার সন্ধ্যায় সন্ত্রাসীদের গুলিতে একজন নিহত ও দু'জন আহত হয়েছেন।
নিহত মিজানুর রহমান মন্টুর (৪০) পোশাকের পকেটে দৈনিক দেশ পত্রিকার ফটোসাংবাদিকের একটি পরিচয়পত্র পাওয়া গেছে।
একই ঘটনায় গুলিবিদ্ধ মন্টুর সহযোগী হামিদুল ইসলাম বিপ্লব (৩০) ও শাহীন (২৮) চিহ্নিত মাদক ব্যাবসায়ী বলে এলাকাবাসী জানিয়েছে।
আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়।
প্রত্যক্ষদর্শী দক্ষিণ কেরানীগঞ্জের আগানগরের বাসিন্দা কবির আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মাগরিবের নামাজের পর (সন্ধ্যা সাড়ে সাতটার দিকে) আগানগর ইস্পাহানি ছোট মসজিদের পাশে অজ্ঞাত সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছোঁড়ে। তখন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মিটফোর্ড হাসপাতাল প্রতিনিধি জানান, গুলিবিদ্ধ বিপ্লব ও শাহীনকে দ্রুত মিটফোর্ড হাসপাতালে আনার পর চিকিৎসকরা বিপ্লবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিনিধি জানান, হাসপাতালে নেওয়ার আগেই মন্টুর মৃত্যু হয়। আহত বিপ্লব ৩২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। তার বুক ও পেটে কমপক্ষে পাঁচটি গুলি লেগেছে।
বিপ্লবের অবস্থা আশঙ্কামুক্ত নয় বলে চিকিৎসকরা জানিয়েছেন।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নীলোৎপল দে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গোলাগুলির খবর পেয়ে সেখানে ফোর্স পাঠানো হয়েছে। তারা ফিরে না আসা পর্যন্ত হতাহতদের পরিচয় নিশ্চিত করা সম্ভব নয়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জিএমএ/এএনএস/এইচএ/২৩৫৬ ঘ.
bdnews24