২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতকানিয়ায় গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ২০

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার খাগরিয়া গ্রামে জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে নারী ও শিশুসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2009, 06:11 PM

Updated : 26 Aug 2022, 12:11 PM

চট্টগ্রাম, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার খাগরিয়া গ্রামে জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে নারী ও শিশুসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, বুধবার দুপুর ১২ টার দিকে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আহমদুর রহমান বাদশা ও মুসা সওদাগর নামে এক ব্যবসায়ীর পক্ষের লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়। এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। ঘটনার পরপর সাতকানিয়া সার্কেলের এএসপি রবিউল ইসলামসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। আহতদের সাতকানিয়া, দোহাজারী ও চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ১৬ জনের পরিচয় জানা গেছে। এরা হলেন- নাসিমা আক্তার (৩০), হাবিবা (৮), নুরুল ইসলাম (৪০), মফিজুর রহমান (৪৩), মোহাম্মদ সাদেক (৩২), মোহাম্মদ সাহেদ (২০), হাবিবুর রহমান (৩০), আমির হোসেন (৫০), ওসমান (৩৮), আব্দুল কুদ্দুস (৪২), আবু ছালেহ (৩৫), শাহ আলম (৩০), জাহাঙ্গীর আলম (৪৫), আহমদ হোসেন (৫০), মাহমুদ (৩১), নুরুল আলম (৪২)। ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এলাকায় আধিপত্য বিস্তার ও জায়গা-জমি নিয়ে ইউপি চেয়ারম্যান আহমদুর রহমান বাদশা ও মুসা সওদাগরের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। গত ৬ অক্টোবর মুসার পক্ষের লোকজন বাদশা চেয়ারম্যানের জমির ধান কেটে নিয়ে যায়। এর জের ধরে বুধবার দুপুরে উভয়পক্ষের লোকজন লাঠিসোটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। পরে তা গ্রামবাসীর মধ্যেও ছড়িয়ে পড়ে বলে তিনি জানান। পুলিশ কর্মকর্তা আসলাম আরও জানান, এসময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সম্ভাব্য সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/২৩৫৫ ঘ.