২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জমিরসহ ৩ জনের অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত হবে

সাবেক স্পিকার জমিরউদ্দিন সরকার, সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী ও সাবেক প্রধান হুইপ খোন্দকার দেলোয়ার হোসেনের বিরুদ্ধে কোনও অভিযোগ দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠানো হলে তা অধিক গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে বলে জানিয়েছেন সংস্থার চেয়ারম্যান গোলাম রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2009, 02:37 PM

Updated : 26 Aug 2022, 12:12 PM

ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--সাবেক স্পিকার জমিরউদ্দিন সরকার, সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী ও সাবেক প্রধান হুইপ খোন্দকার দেলোয়ার হোসেনের বিরুদ্ধে কোনও অভিযোগ দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠানো হলে তা অধিক গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে বলে জানিয়েছেন সংস্থার চেয়ারম্যান গোলাম রহমান। বুধবার কমিশনের প্রধান কার্যালয়ে আয়োজিত ব্রিফিং-এ তিনি এ কথা বলেন। তিনি বলেন, "জমিরউদ্দিন সরকার, আখতার হামিদ সিদ্দিকী ও খোন্দকার দেলোয়ার হোসেনের বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের কোনও অভিযোগ দুদকে পাঠানো হলে তা অধিক গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে।" সংসদীয় তদন্ত কমিটি মঙ্গলবার সংসদে বিএনপির এই তিন নেতার দুর্নীতির অভিযোগ তদন্তের জন্য দুদকে পাঠানোর সুপারিশ করে। একই সঙ্গে জমিরউদ্দিন সরকারের নবম সংসদের সদস্য পদ খারিজ করা প্রস্তাব করা হলে তা নাকচ করে দেয় সংসদ। তবে সংসদীয় তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী এদের কাছ থেকে অননুমোদিত খরচের অর্থ আদায়ের প্রস্তাব সর্বসম্মতিক্রমে গ্রহণ করে সংসদ। ওর্য়াকার্স পাটির সভাপতি রাশেদ খান মেনন ওই তিন নেতার কাছ থেকে প্রায় এক কোটি ৭৫ লাখ টাকা আদায়সহ অষ্টম সংসদে বিতর্কিতভাবে নিয়োগ করা সব কর্মচারির নিয়োগ বাতিল করারও প্রস্তাব দেন। তিনি জমিরউদ্দিন সরকার, আখতার হামিদ ও খোন্দকার দেলোয়ার হোসেনের দুর্নীতির অভিযোগের সঙ্গে সংশ্লিস্ট সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তাব দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/আরএ/এসএইচ/২০৩৩ ঘ.