গাজীপুর, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- নরসিংসদীর কাপড় ব্যবসায়ী মেহেদী হাসান (২৭) খুনের ঘটনায় জড়িত সন্দেহে মঙ্গলবার রাতে ঢাকা থেকে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া গ্রামের শাহজাহানের ছেলে মেহেদী গত সোমবার রাতে খুন হন।
গ্রেপ্তার জহিরুল ইসলাম (২২) বগুড়ার গাবতলী উপজেলার তরফ মেরু এলাকার ফুতু মিয়ার ছেলে বলে পুলিশ জানিয়েছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নরসিংদীর মাধবদী এলাকার কাপড় ব্যবসায়ী মেহেদী গত সোমবার রাত ৯টার দিকে দোকান বন্ধ করে নরসিংদী থেকে গাজীপুরে বাড়ির উদ্দেশে রওনা দেন।
পথে তিনি খুন হন এবং তার টাকা ও মোবাইল ফোন সেট লুট হয়। ওই রাতেই সাড়ে ১১টার দিকে কালীগঞ্জ-ঘোড়াশাল বাইপাস সড়ক থেকে মেহেদীর লাশ উদ্ধার করে পুলিশ।
ওসি আউয়াল বলেন, "লুট হওয়া মোবাইলের সূত্র ধরে কালীগঞ্জ থানা পুলিশ ঢাকার মিরপুরের পল্লবী এলাকার একটি বাসা থেকে মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে জহিরুলকে গ্রেপ্তার করে।"
তাকে কালীগঞ্জ থানা হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/ডিডি/১৮১৫ ঘ.
bdnews24