২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মার্চের পর পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন: সিইসি

আগামী মার্চের পর পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2009, 11:44 AM

Updated : 26 Aug 2022, 12:12 PM

নেত্রকোনা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী মার্চের পর পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা। বুধবার বেলা ১১টার দিকে নেত্রকোনা সার্কিট হাউজে এক প্রেস ব্রিফিংয়ে পর্যায়ক্রমে এসব নির্বাচন হবে বলে জানান সিইসি। "এর আগে মার্চের প্রথম সপ্তাহে সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে," বলেন তিনি। ২০০৭ সালের মে মাসে ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের মেয়াদ উত্তীর্ণ হয়। ২০১০ সালের মে মাসে মেয়াদ শেষ হবে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের। এ ছাড়া দেশের তিন শতাধিক পৌরসভা ও সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদের বেশিরভাগেরই নির্বাচনের মেয়াদ ইতোমধ্যে উত্তীর্ণ হয়েছে। ভোটার তালিকায় রোহিঙ্গাদের অন্তর্ভুক্তির বিষয়ে শামসুল হুদা বলেন, "পার্বত্য এলাকায় ১০ উপজেলার ভোটার তালিকায় ঢুকে পড়া রোহিঙ্গাদের তালিকা থেকে বাদ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। " এরপর ১২টার দিকে তিনি জেলার আটপাড়া, মদন ও কেন্দুয়া উপজেলার সার্ভার স্টেশন নির্মাণের স্থান পরিদর্শন করেন। এ সময় নেত্রকোনা জেলা প্রশাসক মো. নুরুল আমিন, পুলিশ সুপারিনটেনডেন্ট শেখ নাজমুল আলমসহ নির্বাচন কমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে গত সোমবার নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইনও জানিয়েছিলেন, স্থানীয় সরকারের সিটি করপোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ আইন ইসির হাতে আসার পর ভোটার তালিকা চূড়ান্ত করা, বিধিমালা প্রণয়নসহ অন্যান্য কাজ শেষ করতে ফেব্র"য়ারি মাস লেগে যাবে। এরপরই নির্বাচনের উদ্যোগ নেওয়া হবে। জাতীয় সংসদের চলতি অধিবেশনেই স্থানীয় সরকারের (সিটি করপোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ) আইন পাস হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচসি/ডিডি/১৭৩০ ঘ.