ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদীয় তদন্ত নিয়ে করা রিট আবেদনটি ফেরত চেয়ে সাবেক স্পিকার মুহাম্মদ জমিরউদ্দিন সরকারের আবেদনের পর ওই রিট আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি বোরহান উদ্দিনের বেঞ্চ বুধবার এ আদেশ দেয়।
সরকার পক্ষে ডেপুটি আ্যটর্নি জেনারেল মোস্তফা জামান ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "যেহেতু সংসদে জমিরউদ্দিনের বিষয়ে একটি সিদ্ধান্ত হয়েছে। তাই তিনি রিটটি আদালত থেকে ফেরত নেওয়ার আবেদন করেন। আদালত আবেদনটি উপস্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছে।"
সংসদীয় তদন্ত কমিটির সুপারিশ থাকলেও জমিরউদ্দিন সরকারের সদস্যপদ খারিজের প্রস্তাব মঙ্গলবার জাতীয় সংসদে নাকচ হয়। তবে সংসদ সাবেক স্পিকারের কাছ থেকে 'অপব্যয়' করা অর্থ আদায় এবং তার দুর্নীতির অভিযোগ দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে তদন্তের জন্য সরকারের কাছে সুপারিশ করেছে।
হাইকোর্টের আদেশের পর জমিরউদ্দিন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার সাংবাদিকদের বলেন, "আবেদনটি প্রত্যাহার করেছি। কারণ নতুন পরিস্থিতির উদ্ভব হয়েছে। সংসদীয় কমিটি আমার সংসদ সদস্যপদ খারিজের সুপারিশ করেছিল। যখন দেখলাম, আমার সদস্যপদ খারিজ করা হয়নি, তার পরিপ্রেক্ষিতে নতুন কী সিদ্ধান্ত হয়, সে জন্য রিট আবেদন প্রত্যাহার করেছি।"
তবে নতুন সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে প্রয়োজনে আবার রিট আবেদন করার আভাস দেন তিনি।
জমিরউদ্দিন বগুড়ায় খালেদা জিয়ার ছেড়ে দেওয়া একটি আসনে উপনির্বাচনে বিএনপির টিকিটে নবম সংসদে সাংসদ নির্বাচিত হন।
জমিরউদ্দিন তার 'দুর্নীতি' তদন্তে সংসদীয় কমিটি গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে গত ১৬ আগস্ট রিট আবেদনটি করেন।
এর আগে গত গত ৫ জুলাই ফজলে রাব্বী মিয়ার নেতৃত্বে ১১ সদস্যের সংসদীয় কমিটি অর্থ আত্মসাতসহ বিভিন্ন অভিযোগে জমিরউদ্দিনের সংসদ সদস্যপদ বাতিল ও তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে।
সাবেক স্পিকারের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ নিয়ে সাংসদদের দাবির মুখে গত ২২ মার্চ স্পিকার আব্দুল হামিদ ওই সংসদীয় কমিটি গঠন করেন। কমিটি আত্মপক্ষ সমর্থনের জন্য জমিরউদ্দিনকে তলব করলেও তিনি যাননি।
তদন্ত কমিটির অভিযোগ, জমিরউদ্দিন অষ্টম সংসদের স্পিকার থাকাকালে তৎকালীন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অনুমতি ছাড়াই সংসদ তহবিল থেকে চিকিৎসা ভাতা হিসেবে ২৭ লাখ টাকা তোলেন। তিনি জেলা কোটার প্রতি খেয়াল না করেই সংসদীয় সচিবালয়ে কর্মচারী নিয়োগ করেন।
কমিটি আরও অভিযোগ করে, ২০০১ সালের ২৮ অক্টোবর থেকে ২০০৯ সালের ২৫ জানুয়ারি পর্যন্ত স্পিকারের দায়িত্ব পালনকালে জমিরউদ্দিন সরকার সংসদীয় সচিবালয়ের সৌন্দর্য বর্ধনের নামে লাখ লাখ টাকা অপচয় করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/এমআই/১৫৪৫ ঘ.
bdnews24