২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়র খোকার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা

আদালত অবমাননার অভিযোগে ঢাকার মেয়র সাদেক হোসেন খোকার বিরুদ্ধে হাইকোর্টে একটি মামলা হয়েছে। পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ'র পক্ষে অ্যাডভোকেট আসাদুজ্জামান সিদ্দিকী বুধবার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি কামরুল ইসলামের বেঞ্চে মামলাটি দায়ের করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2009, 09:21 AM

Updated : 26 Aug 2022, 12:12 PM

ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদালত অবমাননার অভিযোগে ঢাকার মেয়র সাদেক হোসেন খোকার বিরুদ্ধে হাইকোর্টে একটি মামলা হয়েছে। পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ'র পক্ষে অ্যাডভোকেট আসাদুজ্জামান সিদ্দিকী বুধবার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি কামরুল ইসলামের বেঞ্চে মামলাটি দায়ের করেন। হাইকোর্ট গত ২৯ জুন একটি রিট আবেদনে মহানগর এলাকায় রাস্তার ওপরে ও জনপদে গরুর হাট না বসানোর ব্যাপারে কার্যকর ব্যবস্থা নিশ্চিত করার জন্য ও ২৪ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণের নির্দেশ দিয়েছিল। খোকার বিরুদ্ধে মামলায় অভিযোগ করা হয়, ওই রায়ে ১১ অক্টোবরের মধ্যে ঢাকার মেয়রকে হাইকোর্টের নির্দেশ বাস্তবায়নের জন্য কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা আদালতকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছিলো। কিন্তু ঢাকার মেয়র হলফনামা দাখিল করে আদালতে এ বিষয়টি জানায়নি। তাই তিনি আদালত অবমাননা করেছেন। বাদি পক্ষে আদালত অবমাননার মামলাটির শুনানি করবেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঢাকার মেয়রের বিরুদ্ধে একটি আদালত অবমাননার মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার এর শুনানি অনুষ্ঠিত হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/কিউএইচ/এমআই/১৫০৫ ঘ.