ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষতিপূরণের মামলা লড়ার লক্ষ্যে জবাব দাখিলের জন্য আদালতের কাছ থেকে সময় নিয়েছেন বিগত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম এ মতিন।
২৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে গত ১ সেপ্টেম্বর চট্টগ্রামের বার্থ অপারেটর প্রতিষ্ঠান এভারেস্ট এন্টারপ্রাইজের মালিক শাহাদাত হোসেন সেলিম ঢাকার আদালতে মামলাটি করেন।
মতিনের পক্ষে তার কৌঁসুলি আব্দুস সাত্তার বুধবার ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতে জবাব দাখিলের জন্য সময়ের আবেদন করেন।
ওকালতনামা দাখিল করে তিনি আদালতে বলেন, "মামলাটি রাজনৈতিক হয়রানিমূলক। আমরা মামলায় প্রতিদ্বন্দ্বিতা করব। তাই জবাব দাখিলের সময় চাই।"
তখন বিচারক ইমরুল কায়েস জবাব দাখিলের জন্য আগামী ৪ নভেম্বর তারিখ ধার্য করেন।
অ্যাডভোকেট সাত্তার এ মামলার অপর বিবাদি সাবেক নৌ পরিবহন সচিব শেখ মোতাহার হোসেনের পক্ষেও জবাব দাখিল করবেন।
মোতাহার বর্তমানে প্রাইভেটাইজেশন কমিশনের সদস্য।
ব্যবসায়ী সেলিমের মামলায় (মানি স্যুট) অভিযোগ করা হয়, তত্ত্বাবধায়ক সরকার আমলে মতিন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালনের সময় চট্টগ্রাম কন্টেইনার টার্মিনালে (সিসিটি) অপারেটর নিয়োগের জন্য ডাকা একটি দরপত্র বেআইনি ও অন্যায়ভাবে বাতিল করা হয়েছিল। এভারেস্ট এন্টারপ্রাইজ সর্বনিু দরদাতা থাকলেও ওই প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হয়নি।
এতে এভারেস্ট এন্টারপ্রাইজের ২৫ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে বাদির অভিযোগ।
সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় গঠিত গুরুতর অপরাধ দমন অভিযান সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির প্রধানের দায়িত্ব পালনকারী মতিনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে আরেকটি মামলার প্রস্তুতিও চলছে।
তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা ছাড়ার দিন অনিয়মের আশ্রয় নিয়ে চট্টগ্রাম বন্দরের কন্টেইনার হ্যান্ডলিংয়ের কাজ এছাক ব্রাদার্সকে পাইয়ে দেওয়ার অভিযোগ আনে সংসদীয় কমিটি। দুদক এর তদন্ত চালাচ্ছে।
তবে মতিন দাবি করে আসছেন, তিনি কোনও ধরনের অনিয়মের আশ্রয় নেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১৪০০ ঘ.
bdnews24