চট্টগ্রাম, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টেলিফোনে মঙ্গলবার ছাত্র শিবির নেতা পরিচয় দিয়ে চাঁদা দাবির অভিযোগ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নৃ-বিজ্ঞান বিভাগের এক শিক্ষক।
এ ঘটনায় মো. আশরাফুজ্জামান নামের ওই শিক্ষক বিকেলে নগরীর খুলশী থানায় একটি সাধারণ ডায়রি করেছেন।
আশরাফুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর ১২টা ৫৩ মিনিটে ০১৬৭৫ ২২৭১৩৮ নম্বরের একটি মোবাইল ফোন থেকে মাসুদ নামে এক ব্যক্তি নিজেকে শিবিরের প্রভাবশালী নেতা পরিচয় দিয়ে তার কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করে।
তিনি বলেন, "ফোনের শুরুতেই আমাকে অশ্লীল ভাষায় গালাগাল দেয় লোকটি। চাঁদা না দিলে নগরীর লালখানবাজার এলাকায় আমার বাসায় গিয়ে টাকা নিয়ে আসা হবে এবং আমাকে দেখে নেওয়ার হুমকি দেয়।"
এদিকে চবি শাখা শিবির সভাপতি মো. জাকির হোসেন এ অভিযোগ অস্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মাসুদ নামে আমাদের কোনো নেতা নেই। শিবির এ ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নয়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/ডিডি/০০৪৫ ঘ.
bdnews24