সাভার, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অব্যাহত শ্রমিক আন্দোলনের মুখে মঙ্গলবার সকালে সাভারে ভারতীয় নাগরিকের মালিকাধীন একটি তৈরি পোশাক কারখানা বন্ধ করে দেওয়ার হয়। এ খবর শুনে কারখানার শ্রমিকরা আশুলিয়া থানার সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এতে পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।
'ফাউন্টেন ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড নামের পোশাক কারখানার শ্রমিকরা হাজিরা বোনাস বাড়ানো, এবং বিভিন্ন সুযোগ-সুবিধাসহ ১০ দফা দাবিতে ঈদের ছুটির পর থেকে আন্দোলন করে আসছিলেন।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফাউন্টেন ম্যানুফ্যাকচারিং কোম্পানির লিমিটেড'র প্রায় ১১ শ' শ্রমিক ঈদের ছুটির পর গত ৪ অক্টোবর কর্তৃপক্ষের কাছে দাবি পেশ করেন। কর্তৃপক্ষ দু-একটি বাদে সব দাবিই মেনে নেয়। কিন্তু শ্রমিকরা সব দাবি মানার জন্য কর্তৃপক্ষকে চাপ দিয়ে আসছিলেন। কর্তৃপক্ষ রাজি না হওয়ায় তারা কর্মবিরতি শুরু করেন।
এর পরিপ্রেক্ষিতে কারখানা কর্তৃপক্ষ মঙ্গলবার সকালে অনিদির্ষ্টকালের জন্য কারখানাটি বন্ধ ঘোষণা করে।
এসআই রহুল জানান, সকাল ৮টার দিকে ৩-৪শ' শ্রমিক আশুলিয়া থানার সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করলে পুলিশ লাঠিপেটা করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।
তিনি জানান, শ্রমিকদের নিক্ষিপ্ত ইটে এসআই হাফিজুর রহমানের মাথা ফেটে যায়।
অপরদিকে পুলিশের লাঠিপেটায় আহত হয়েছেন অন্তত ২০ শ্রমিক। তাদের নাম জানাতে পারেনি পুলিশ।
এসআই রুহুল জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। কারাখানার সামনে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
শ্রমিকরা জানান, তাদের দাবির মধ্যে আছে- কারখানায় ভারতীয় ও শ্রীলঙ্কান কোন কর্মকর্তা-কর্মচারী থাকতে পারবে না, হাজিরা বোনাস পাঁচশ' টাকা বৃদ্ধি, চাকরির বয়স তিনি বছর হলে চাকরি স্থায়ী করতে হবে, কাউকে চাকরি থেকে বাদ দিতে হলে তাকে চার মাসের অগ্রিম বেতন ও যাবতীয় পাওনা দিতে হবে, শুক্রবার খোলা রাখলে অতিরিক্ত শ্রমের (ওভার টাইম) দ্বিগুণ মজুরি দিতে হবে, প্রতি মাসে দুপুরে খাবার ভাতা ৬৫০ টাকা এবং যাতায়াত ভাতা পাঁচশ' টাকা দিতে হবে, চাকুরির বয়স ছয় মাস হলে বেতনের ১০ শতাংশ বাড়াতে হবে, নিয়োগের সময় স্বাক্ষর নেওয়া সাদা কাগজ ফেরত দিতে হবে।
শ্রমিকরা আরও জানান, কারখানা খুলে না দিলে এবং দাবি না মানলে তারা আরও কঠোর আন্দোলনে যাবেন।
এ ব্যাপারে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কথা বলা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭১৮ ঘ.
bdnews24