২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরও ২৯৭টি মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত

'রাজনৈতিক হয়রানিমূলক' বিবেচনায় আরও ২৯৭টি মামলা প্রত্যাহার করেছে সরকার। এর মধ্যে তারেক রহমানের একটি মামলাও রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2009, 10:23 AM

Updated : 26 Aug 2022, 12:11 PM

ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'রাজনৈতিক হয়রানিমূলক' বিবেচনায় আরও ২৯৭টি মামলা প্রত্যাহার করেছে সরকার। এর মধ্যে তারেক রহমানের একটি মামলাও রয়েছে। 'রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার সংক্রান্ত কমিটি'র অষ্টম বৈঠক শেষে মঙ্গলবার কমিটির সভাপতি আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান। এ নিয়ে কমিটি আট দফায় মোট ৮৭৫টি মামলা প্রত্যাহারের সুপারিশ করল। মঙ্গলবারের বৈঠকে মোট ৬৮৩টি মামলা উপস্থাপন করা হয়। এর মধ্যে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ৩৭টি এবং দণ্ডবিধির ৬৪৬টি মামলা রয়েছে। প্রতিমন্ত্রী বলেন, "দুদকের মামলার মধ্যে ২৭টি প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। দুটি মামলা প্রত্যাহারযোগ্য নয় বলে না মঞ্জুর করা হয়েছে এবং ৮টি মামলা পরবর্তী বৈঠকে পর্যালোচনার জন্য উপস্থাপন করতে বলা হয়েছে।" "দণ্ডবিধির মামলার মধ্যে ২৭০টি প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। আর ১২টি মামলা না মঞ্জুর এবং ৩৬৪টি মামলা পরবর্তী বৈঠক উপস্থাপন করতে বলা হয়েছে", বলেন তিনি। প্রত্যাহারের সুপারিশ করা দুদকের মামলার মধ্যে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ, চট্টগ্রামের মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী, সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন, জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদারের একটি করে মামলাও রয়েছে। দণ্ডবিধির মামলার মধ্যে রয়েছে, বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব তারেক রহমান, মৎস্য ও পশুসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, মহিউদ্দিন খান আলমগীর, আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ইলিয়াসউদ্দিন মোল্লা, হাজী সেলিম, সাইদ খোকন, প্রশিকার সাবেক চেয়ারম্যান কাজী ফারুক আহমেদের বিরুদ্ধে দায়ের করা একটি করে মামলা। এরশাদের মামলার বিষয়ে কামরুল বলেন, "অনেক আগে দুর্নীতি দমন ব্যুরোতে এ মামলা দায়ের করা হয়। কাগজপত্র দেখে আমাদের কাছে এটাকে হয়রানিমূূলক মামলা মনে হয়েছে।" যে সব মামলা প্রত্যাহারের সুপারিশ করা হচ্ছে তা দলীয় বিবেচনায় করা হচ্ছে কিনা জানতে চাইলে তিনি বলেন, "রাজনৈতিক হয়রানিমূলক হিসেবে যাদের মামলাই আমাদের কাছে বিবেচনায় আসছে, তাদেরটাই আমরা প্রত্যাহারের সুপারিশ করছি। পরবর্তীতে যেসব মামলা আসবেও সেগুলোও আমরা বিবেচনা করব।" ২০০১-০৭ সাল পর্যন্ত আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে প্রচুর হয়রানিমূূলক মামলা দায়ের করা হয় বলে দাবি করেন তিনি। প্রতিমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকারের আমলে রাজনৈতিক হয়রানিমূলক কোনও মামলা দায়ের হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা নাইকো মামলা প্রত্যাহার হলেও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার নাইকো মামলাটি প্রত্যাহার না হওয়ার বিষয়ে কামরুল বলেন, "বিরোধী দলীয় নেতার পক্ষ থেকে কোনও আবেদন আমাদের হাতে আসেনি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এফএফ/এমআই/১৬২০ ঘ.