২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙামাটিতে আটটি প্লটের ইজারা বাতিল

শর্ত করে জমি অব্যবহৃত রাখায় পার্বত্য রাঙামাটি জেলায় ইজারা দেওয়া প্লট বাতিলের প্রক্রিয়া শুরু হয়েছে। এরই মধ্যে জেলা প্রশাসন রাঙামাটি সদর ও কাউখালী উপজেলায় আটটি প্লটের (৩৫০একর জমি) ইজারা বাতিল করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2009, 04:10 PM

Updated : 26 Aug 2022, 12:10 PM

রাঙামাটি, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শর্ত করে জমি অব্যবহৃত রাখায় পার্বত্য রাঙামাটি জেলায় ইজারা দেওয়া প্লট বাতিলের প্রক্রিয়া শুরু হয়েছে। এরই মধ্যে জেলা প্রশাসন রাঙামাটি সদর ও কাউখালী উপজেলায় আটটি প্লটের (৩৫০একর জমি) ইজারা বাতিল করেছে। এছাড়া আরও পাঁচটি প্লটের (১২৫ একর জমি) ইজারা বাতিল প্রক্রিয়াধীন রয়েছে। জেলা প্রশাসন জানায়, রাঙামাটি সদর উপজেলা ও কাউখালী উপজেলায় বরাদ্দ এই আটটি প্লটের ইজারাদার জমি পতিত রাখায় ইজারা বাতিল করা হয়েছে। এসব জমি বাবার বাগানসহ বিভিন্ন বাণিজ্যিক কাজের জন্য ইজারা দেওয়া হয়েছিল। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) ও সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার সমন্বয়ে একটি কমিটি এ সব জমির বিষয়ে তদন্ত করে। কমিটির প্রতিবেদনের ভিত্তিতে জেলা প্রশাসক গত ২৫ আগস্ট ইজারাদারদের শুনানির জন্য ডাকেন। কয়েকজন ইজারাদার শুনানিতে অংশ নেন। শুনানিতে যারা জমির অব্যবহৃত রাখার বিষয়ে সন্তোষজনক জবাব দিতে পারেননি তাদের ইজারা বাতিলের সিদ্ধান্ত হয়। এরই ধারাবাহিকতায় গত বুধবার আটটি প্লট বাতিলের আদেশ দেন জেলা প্রশাসক। গত ২৯ ফ্রেরুয়ারি খাগড়াছড়িতে অনুষ্ঠিত বৈঠকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির পক্ষ থেকে রাঙামাটি জেলায় মোট ১৩টি প্লট (৪৭৫ একর) বরাদ্দ বাতিলের জন্য সুপারিশ করা হয়। রোববার জেলা প্রশাসক সৌরেন্দ্র নাথ চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জমির ইজারা পাওয়ার পর যারা শর্ত ভঙ্গ করেছেন বিধি অনুযায়ী তাদের ইজারা বাতিল করা হয়েছে।" তিনি জানান, এই আট ব্যক্তি ১৯৮১ থেকে ৮৫ সালের মধ্যে জমির ইজারা নিয়েছিলেন। রাঙামাটি জেলায় এ ধরনের অব্যবহৃত আরও বেশ কিছু ভূমির ইজারা বাতিলের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও জেলা প্রশাসক জানান। যাদের ইজারা বাতিল হয়েছে তারা হলেন- চট্টগ্রামের চন্দ্র শেখর দাশ, মাহফজুল হক ও সালাহ উদ্দীন আহম্মেদ, ঢাকার স্কোয়াড্রন লিডার হাসানুজ্জামান ও খালেদুর রহমান, রাঙামাটির মো. নুরুল আমীন চৌধুরী, মো. শফিউল আল আনসারী ও গোলাম মোস্তফা মৃধা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২১১ ঘ.