ঢাকা অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে সোয়াইন ফ্ল'র প্রকোপ কমে আসছে। গত এক সপ্তাহে দেশে ৩৪জন সোয়াইন ফ্লু আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে।
এ পর্যন্ত দেশে মোট সোয়াইন ফ্লু আক্রান্ত রোগীর সংখ্যা ৬৮০জন।
রবিবার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকতা ডাঃ মুশতাক হোসেন নিয়মিত সংবাদ বিফ্রিং এ বলেন, "দেশে ক্রমশ সোয়াইন ফ্লু আক্রান্ত রোগীর সংখ্যা কমে আসছে বলা যায়।"
মুশতাক হোসেন বলেন, একটি বড় রোগের প্রকোপের প্রথম দিকে সংক্রমণের যে হার থাকে তা ক্রমে কমে আসে। এ ক্ষেত্রেও তাই হয়েছে বলে জানান তিনি।
বৈজ্ঞানিক কর্মকতা জানান, গত রবিবার থেকে একসপ্তাহে দেশে নতুন করে ৩৪জন সোয়াইন ফ্লু আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে।
৪ অক্টোবর পর্যন্ত আইইডিসিআর ৬৪৬জন সোয়াইন ফ্ল আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে জানিয়েছিল।
সোয়াইন ফ্লুর টিকা প্রসঙ্গে মুশতাক হোসেন বলেন, "আমরা আশা করছি, আগামী জানুয়ারী মাস নাগাদ টিকাগুলো আমরা হাতে পাব। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় এই টিকা বিনামূল্যে পাওয়া যাবে।"
রোগটি নিয়ন্ত্রণে আইইডিসিআর নিয়মিত পরীক্ষা ও গবেষণা চালিয়ে যাবে বলে তিনি জানান।
বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া সোয়াইন ফ্লু বাংলাদেশে প্রথম সনাক্ত হয় ১৮ জুন। এ পর্যন্ত এই রোগে আক্রান্ত হয়ে এখানে তিনজন মারা গেছেন।
বিডিনিঊজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এসকে/২১৫৩ঘ.
bdnews24