২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীর খুচরা সার ব্যবসায়ীদের বিক্ষোভ, স্মারকলিপি

খুচরা সার বিক্রয়ের অনুমতি দেওয়ার দাবিতে নীলফামারী জেলা সদরের ব্যবসায়ীরা রোববার সকালে বিক্ষোভ মিছিল করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2009, 01:54 PM

Updated : 26 Aug 2022, 12:10 PM

নীলফামারী, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খুচরা সার বিক্রয়ের অনুমতি দেওয়ার দাবিতে নীলফামারী জেলা সদরের ব্যবসায়ীরা রোববার সকালে বিক্ষোভ মিছিল করেছেন। পরে কৃষিমন্ত্রীকে দেওয়া একটি স্মারকলিপি তারা জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করেন। ওয়ার্ড পর্যায়ে খুচরা সার ডিলার নিয়োগের নীতিমালা জারি করা হলেও নীলফামারীর ৬০ টি ইউনিয়ন ও চারটি পৌর এলাকায় নিয়োগ সম্পন্ন হয়নি। সকাল ১০টার দিকে নীলফামারী জেলা সদরের কমপক্ষে ১৫০জন ব্যবসায়ী বড়বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান নেয়। এখানে সংক্ষিপ্ত সমাবেশে ব্যবসায়ীরা বলেন, তারা দীর্ঘদিন থেকে কৃষক পর্যায়ে খুচরা সার বিক্রি করে আসছেন। দীর্ঘদিন থেকে ব্যবসা করার কারণে কৃষক পর্যায়ে বিপুল পরিমান টাকা বকেয়া পড়েছে। সরকারের নীতিমালার আলোকে খুচরা সার ব্যবসায়ীরা আবেদন করেও ডিলারশিপ পাননি। ফলে কৃষক পর্যায়ে বকেয়া পড়ে থাকা টাকা আদায় অনিশ্চিত হয়ে পড়েছে। সমাবেশে বক্তব্য রাখেন- ব্যবসায়ী নিমাই চন্দ্র দাস, নজরুল ইসলাম, সত্যজিত দাস প্রমুখ। পরে কৃষিমন্ত্রীকে দেওয়া একটি স্মারকলিপি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিএম সিদ্দিকুর রহমানের কাছে হস্তান্তর করেন ব্যবসায়ীরা। নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি'র সভাপতি আব্দুল ওয়াহেদ সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাজনৈতিক প্রভাবের কারণে নীলফামারী জেলার ৬০টি ইউনিয়ন ও ৪টি পৌরসভায় নীতিমালা অনুযায়ী খুচরা সার ডিলার নিয়োগ প্রক্রিয়া স্থবির হয়ে পড়েছে। এ অবস্থার অবসান না হলে চলতি রবি মৌসুমে আলু, গম ও শাক-সব্জি আবাদ করতে কৃষক সার পাবে না বলে মনে করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৫৫ ঘ.