ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জিপিএ সংক্রান্ত সরকারি এক প্রজ্ঞাপনে বিভাগের মান কমার অভিযোগ তুলে তা প্রত্যাহারের দাবিতে রোববার ঢাকা কলেজের সামনে বিক্ষোভ ও গাড়ি ভাঙচুর করেছে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। এ ঘটনায় নগরীতে তীব্র যানজটের সৃষ্টি হয়।
রাজধানীর অন্যতম ব্যস্ত মিরপুর সড়কে বেলা সাড়ে ১১টা থেকে প্রায় আড়াই ঘণ্টা গাড়ি চলাচল বন্ধ ছিল। এ সময় শাহবাগ, এলিফ্যান্ট রোড, সায়েন্স ল্যাবরেটরি ও ধানমন্ডি এলাকায়ও যান চলাচল প্রায় স্থবির ছিল। এর ফলে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ও ব্যস্ত সড়কে যানবাহনের অতিরিক্ত চাপ পড়ে। সৃষ্টি হয় দীর্ঘ যানজট।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ২০০১-২০০৪ সালের এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ।
তারা জানিয়েছে, ২০০১ থেকে ২০০৪ সাল পর্যন্ত এসএসসি ও এইচএসসি উত্তীর্ণরা গ্রেডিং পদ্ধতিতে বৈষম্যের শিকার হচ্ছে। তারা যখন স্নাতক পর্যায়ে ভর্তি হয়, তখন জিপিএ-২ (৪৫ শতাংশ নম্বর) প্রাপ্তদের দ্বিতীয় বিভাগ হিসেবে এবং জিপিএ- ৩ (৬০ শতাংশ নম্বর) প্রাপ্তদের প্রথম বিভাগ হিসেবে গণ্য করা হয়েছিল।
তবে গত ২ জুন শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে ২০০৪ সাল ও তার পরে যারা পাস করেছে তাদের ক্ষেত্রে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ- ৩ এর কমকে তৃতীয় বিভাগ এবং জিপিএ-৪ এর কমকে দ্বিতীয় বিভাগ হিসেবে গণ্য করা হয়েছে।
এছাড়া ২০০১ থেকে ২০০৩ সাল পর্যন্ত জিপিএ- ২ পয়েন্ট ৫ এর কমকে তৃতীয় বিভাগ এবং জিপিএ- ৩ পয়েন্ট ৫ এর কমকে দ্বিতীয় বিভাগ হিসেবে ধরা হয়েছে। অর্থাৎ ২০০১-২০০৩ সালে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণদের যারা আগে দ্বিতীয় বিভাগ হিসেবে গণ্য হতো, নতুন প্রজ্ঞাপন অনুযায়ী তারা তৃতীয় বিভাগ হিসেবে গণ্য হবে।
ছাত্ররা আরও জানিয়েছে, বৈষম্যের এ বিষয়টি নিয়ে তারা শিক্ষামন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। তারা কোনও সমাধান দিতে পারেননি।
এমন অবস্থায় ২ জুনের প্রজ্ঞাপন প্রত্যাহার করে আগের মানদণ্ড বহাল রাখার দাবি জানিয়ে তারা বলছে, "অতীতের জন্য প্রজ্ঞাপন না দিয়ে ভবিষ্যতের কথা চিন্তা করে প্রজ্ঞাপন দিতে হবে।"
দাবি আদায়ে তারা আগামী ১৪ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিও ঘোষণা করেছে। এর আগ পর্যন্ত তারা নিজ নিজ কলেজে বিক্ষোভ করবে।
আকরাম হোসেন নামে বাংলা কলেজের এক ছাত্র জানান, তিনি জিপিএ- ২ পেয়ে দ্বিতীয় বিভাগ হিসেবে স্নাতকে ভর্তি হয়েছিলেন। অথচ প্রজ্ঞাপন হিসেবে এখন তিনি তৃতীয় বিভাগধারী। কিন্তু আবার এসএসসি পরীক্ষা দেওয়ার কোনও সুযোগ তার নেই।
আব্দুল জব্বার আকাশ নামে ঢাকা কলেজের এক ছাত্রের আশঙ্কা, এ প্রজ্ঞাপন বহাল থাকলে তৃতীয় বিভাগ (জিপিএ-২) প্রাপ্তির কারণে ভবিষ্যতে তিনি কোথাও চাকরির আবেদন করতে পারবেন না।
এ বিষয়ে ঢাকা কলেজের অধ্যক্ষ ড. সিরাজউদ্দীন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ছাত্রদের এ দাবির যৌক্তিকতা রয়েছে। গ্রেডিং এর মূল্যায়নের ক্ষেত্রে কিছুটা হেরফের হয়েছে।"
রোববার সকাল ১০টা থেকে ঢাকা কলেজের শহীদ মিনারে জমায়েত হয়ে বিক্ষোভ করতে থাকে ঢাকা কলেজসহ রাজধানীর কয়েকটি কলেজের শিক্ষার্থীরা।
১১টার দিকে তারা ঢাকা কলেজের ফটক দিয়ে বেরুতে চাইলে পুলিশ বাধা দেয়। এক পর্যায়ে পুলিশ ফটকটি বন্ধ করে রাখে। এরপর ছাত্ররা কলেজ প্রাঙ্গণের ভেতর থেকে পুলিশকে লক্ষ করে ইট-পাটকেল ছুঁড়লে পুলিশ ১৫-২০ রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এ সময় পুলিশসহ অন্তত ১০ জন আহত হয় এবং নিরাপত্তার স্বার্থে পুলিশ সড়কটি বন্ধ করে দেয়।
দীর্ঘক্ষণ বন্ধ থাকার পর দুপুর সোয়া ১টার দিকে পরিস্থিতি একটু স্বাভাবিক হয়। তখন মিরপুর সড়কে গাড়ি চলাচল শুরু হয়। কিন্তু একটু পরই আবার কিছু ছাত্র সিটি কলেজের সামনের সড়কে কয়েকটি গাড়ি ভাঙচুর করে ও একটি টায়ারে আগুন ধরিয়ে দেয়।
পরে পুলিশ তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়।
ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার আতিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গ্রেডিং বৈষম্য নিয়ে শিক্ষার্থীরা ঢাকা কলেজে জড়ো হয়ে বিক্ষোভ করছিল। তারা কলেজ প্রাঙ্গণ থেকে বেরিয়ে রাস্তায় যান চলাচলে বাধা সৃষ্টি করতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়।
"শিক্ষার্থীরা কলেজ প্রাঙ্গণের ভেতর থেকে পুলিশকে লক্ষ করে ইট-পাটকেল নিক্ষেপ করে। পুলিশ বেশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়।"
তবে ছাত্রদের সঙ্গে পুলিশের সরাসরি সংঘর্ষ হয়নি এবং পুলিশ কোনও লাঠিচার্জ করেনি বলে দাবি করেন তিনি।
পুলিশ কর্মকর্তা আতিকুল বলেন, "শিক্ষার্থীদের বিক্ষোভের কারণে তিন দফায় গাড়ি চলাচল ব্যাহত হয়। তবে ২টা থেকে গাড়ি চলাচল স্বাভাবিক হয়।"
তিতুমীর, সোহরাওয়ার্দী, কবি নজরুল, মিরপুর বাঙলা কলেজের শিক্ষার্থীরাও বিক্ষোভে অংশ নেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এফএফ/এজে/এমআই/এসএইচ/১৯৪৪ ঘ.
bdnews24