গাজীপুর, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সদরের ফাওকালে শনিবার সন্ধ্যায় এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত সাইফুল ইসলাম সেতু (২২) সদর উপজেলার চাপুলিয়া গ্রামের সাইজুদ্দিন সরকারের ছেলে।
হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফাওকালের জামাল (২৬) নামের একজনকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ জানান, নিহতের বন্ধু হ্যাভেন তার এক বান্ধবী নিয়ে শুক্রবার বিকেলে ফাওকাল বেড়াতে গেলে এলাকার কয়েকজন বখাটে যুবকের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়।
এ সময় ওই যুবকরা তাদের নাজেহাল করে এবং মোবাইল সেট ও টাকাপয়সা রেখে দেয়।
ওসি বলেন, শনিবার সেতু ও হ্যাভেন ফাওকাল গেলে ওই যুবকরা সেতুকে ধরে প্রচণ্ড মারধর ও কুপিয়ে জখম করে। এ সময় হ্যাভেন পালিয়ে যায়।
এলাকাবাসী আহত সেতুকে উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে পাঠায়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৫৫ ঘ.
bdnews24