চট্টগ্রাম, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--সীতাকুণ্ডে শিপ ইয়ার্ড দখল ও চার সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ক্ষমা চেয়েছেন স্থানীয় সাংসদ এবিএম আবুল কাশেম মাস্টার।
শনিবার বিকেলে প্রথম আলোর চট্টগ্রাম কার্যালয়ে গিয়ে তিনি ক্ষমা চান।
বিষয়টি স্বীকার করে সাংসদ কাশেম মাস্টার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অনাকাক্সিক্ষত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছি।"
গত বুধবার সীতাকুণ্ডের কুমিরার আলেকদিয়া সমুদ্র উপকূলবর্তী এলাকায় সাংসদ কাশেম মাস্টারের ছেলে এস এম আল মামুন ও নোমান কয়েকশ' সন্ত্রাসী দিয়ে চারটি শিপ ইয়ার্ড অবৈধভাবে দখল করে নেয়।
ওই সময় সংবাদ সংগ্রহের জন্য সেখানে গেলে সাংসদপুত্র মামুনের উপস্থিতিতে তার সহযোগী মাহমুদুল হাসান মান্নার নেতৃত্বে সন্ত্রাসীরা প্রথম আলোর ফটো সাংবাদিক রাশেদ মাহমুদ, নিজস্ব প্রতিবেদক প্রণব বল, সমকালের সীতাকুণ্ড প্রতিনিধি মোহাম্মদ সেকান্দর ও সাংবাদিক ফোরকান আবুর ওপর হামলা করে।
হামলার ঘটনায় ওইদিন রাতে রাশেদ মাহমুদ বাদী হয়ে সীতাকুণ্ড থানায় সাংসদের দুই ছেলে ও মান্নাসহ ২০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
শনিবার বিকেলে সাংসদ কাশেম মাস্টার প্রথম আলোর চট্টগ্রাম কার্যালয়ে গিয়ে হামলার শিকার দুই সাংবাদিকের কাছে ক্ষমা চান বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান প্রথম আলোর চট্টগ্রাম কার্যালয়ের রিপোর্টিং ইনচার্জ মামুন আবদুল্লাহ।
তিনি জানান, সাংসদ কাশেম মাস্টার অফিসে এসে বলেছেন- 'আমি এ ঘটনার জন্য দুঃখিত। এ জন্য আপনাদের কাছে নিঃশর্ত ক্ষমা চাচ্ছি।'
হামলা ও ইয়ার্ড দখলে নেতৃত্ব দেওয়া সন্ত্রাসী মান্নাকে গ্রেপ্তারে সহযোগিতার আশ্বাসও দিয়েছেন তিনি, জানান মামুন।
এ সময় প্রথম আলোর আবাসিক সম্পাদক আবুল মোমেন ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আবু সুফিয়ানসহ অন্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
শনিবার সাংসদ ক্ষমা চাইলেও মামলাটি প্রত্যাহার করা হয়নি।
ওদিকে, দখল হওয়া শিপ ইয়ার্ড মালিকদের সঙ্গে শুক্রবার রাতে বৈঠক করে তাদের তা বুঝিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন কাশেম মাস্টার।
দখল হওয়া পাকিজা ইয়ার্ডের মালিক সিরাজদৌল্লাহ সাংবাদিকদের বলেন, "সাংসদ শুক্রবার রাতে আমাদের সঙ্গে বৈঠকে বসে সার্ভেয়ার দিয়ে মাপজোখ করে জায়গা বুঝিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এজে/এসএইচ/২৩৩০ ঘ.
bdnews24